ওঙ্কার ডেস্ক: ৪১ বছর বয়সে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও তাঁর লক্ষ্য হাজার গোলের মাইলস্টোন। সেই লক্ষ্য নিয়েই পর্তুগাল জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগেই আচমকা শিবির ছাড়লেন পর্তুগিজ তারকা। বৃহস্পতিবারের ম্যাচের আগে ব্যক্তিগত বিমানে দেশে ফিরে যান রোনাল্ডো। তাঁর এই আচমকা প্রস্থানের নেপথ্যে কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধ রয়েছে বলে জল্পনা শুরু হয়েছে।
উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন পর্তুগালের অধিনায়ক। কিন্তু রবিবার অসলোয় নরওয়ের বিপক্ষে তাঁকে খেলাননি জেসুস। তাঁর জায়গায় গঞ্জালো রামোসকে নামানো হয়।
রোনাল্ডোকে মাঠে না নামিয়েও সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় পর্তুগাল। তবে ম্যাচের সময় সাইডলাইনে তাঁকে অসন্তুষ্ট দেখায়। খেলা শেষ হওয়ার পর সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনাল্ডো সেদিকে যাননি। তিনি সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান। এর পর সোমবার এবং মঙ্গলবার দলের অনুশীলনেও তাঁকে দেখা যায়নি। কোচের সিদ্ধান্তেই তিনি ক্ষুব্ধ হয়ে অনুশীলন থেকে দূরে ছিলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে বুধবার একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। ডেনমার্কের কোপেনহেগেনে সেই বৈঠকে ছিলেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চা, কোচ জর্জে জেসুস এবং রোনাল্ডো।
তবে বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই ইঙ্গিত মিলেছে। বৈঠক শেষ করেই নিজের ব্যক্তিগত বিমানে জাতীয় দলের শিবির ছেড়ে যান রোনাল্ডো।
পরে সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান পর্তুগিজ অধিনায়ক। ইনস্টাগ্রামে তিনি বলেন, জাতীয় দলের সাংবাদিক বৈঠক এবং ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনার পরই শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, উপযুক্ত সময়ে পর্তুগালের মানুষকে সেই কারণ জানাবেন বলেও জানান তিনি।