ওঙ্কার ডেস্কঃ বারুইপুর কাণ্ডে নয়া মোড়। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত পৌনে ১টা নাগাদ প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে এক রাউন্ড গুলিও চালান। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালায়। পাল্টা গুলিতে জখম হন প্রভাস। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বারুইপুরের ঘটনায় পুলিশের হাতে আসে কিছু সিসিটিভি ফুটেজ আসে। ফুটেজে নাবালিকার সঙ্গে এক যুবককে দেখা গিয়েছিল। পরে তদন্তে জানা যায় ওই যুবক ছিলেন প্রভাস। সেই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু পুলিশের দাবি, তদন্তে কোনও রকম সহযোগিতা করছিলেন না প্রভাস। কী ঘটেছিল, প্রভাসের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখার প্রয়োজনে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। সেই লক্ষ্যেই মঙ্গলবার মধ্যরাতে প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু সেখান থেকেই সে পালানোর চেষ্টা করে। তারপর এই এনকাউন্টার।