স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র । দীর্ঘদিন চোটের সমস্যায় জর্জরিত থাকার পরে অবশেষে জাতীয় দলে এই ফুটবলার। এদিন রিওতে ঘোষিত দলে জায়গা হল তার।
২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। পরে অস্ত্রোপচার ও রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এমনকি গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের দলেও তাঁকে রাখেননি কোচ কার্ল অ্যানসোলোত্তি।
সৌদি আরবের ক্লাব ফুটবলে হতাশাজনক অধ্যায় শেষে চলতি বছরের জানুয়ারিতে নেইমার ফিরে আসেন স্যান্টোসে। পুরোনো ক্লাবে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পান তিনি। শেষ পর্যন্ত সেই পারফরম্যান্সই এনে দেয় বিশ্বকাপ দলে ফেরার টিকিট।
এটি হতে চলেছে নেইমারের কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এই তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপে মরোক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। শেষবার ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ জেতে।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলরক্ষক : অ্যালিসন, এডেরসন, ওয়েভারটন
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো , ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস , ওয়েসলি
মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা
ফরোয়ার্ড : নেইমার, এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া,রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র