আর জি কর ইস্যু নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসতে ফের আর জি কর মামলা পুনরায় খোলা হয়েছে। এবার অভয়া কাণ্ডে সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, আদালত জানিয়েছে, সন্দীপ ঘোষের চেম্বার-সহ অভয়া কাণ্ডের সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগ সূত্র মিলছে, সব সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। আদালতের তরফে সিবিআইকে প্রশ্ন করা হয় তদন্তভার নেওয়ার সময় কোন কোন জায়গা সিল করা হয়েছিল ? জবাবে সিবিআই জানায়, সেমিনার হলের কথা। এরপর পালটা বিচারপতিরা প্রশ্ন করেন, আর কোনও জায়গা সিল করার প্রয়োজন হয়নি? তাতে সিবিআই জানায় ‘না’। এবার আর জি করের এই ঘটনার সঙ্গে যুক্ত সব জায়গা সিল করার নির্দেশ দিল আদালত।
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী অভয়া কাণ্ডের তদন্তে বিরাট পদক্ষেপ করেছেন। তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, ওই সময় কাদের নির্দেশে সাসপেন্ডেড আধিকারিকরা কাজ করেছেন সেই সমস্ত বিষয় তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, ‘‘ওই আইপিএসদের ফোনকল, হোয়াটসঅ্যাপ চ্যাট সব বের করব। দেখতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর কথায় তাঁরা সাংবাদিক বৈঠক করেছিলেন কি না।’ সব মিলিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল, তা গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।