ওঙ্কার ডেস্ক: ভারতীয় ক্রিকেট টিম থেকে সরে যেতে চলেছেন সূর্য কুমার। তাঁর বদলে নতুন অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের দায়িত্ব নেওয়া সময়ের অপেক্ষা। চলতি আইপিএল শেষ হওয়ার পর জাতীয় নির্বাচকেরা যখন পরবর্তী দল গঠনের জন্য বসবেন, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর পর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, ব্যাট হাতে সূর্যকুমার দীর্ঘ দিন ফর্মের ধারেকাছে নেই। ফলে নির্বাচকেরা আর অপেক্ষা করতে রাজি নন। ফলস্বরূপ, শ্রেয়স কেবল দলেই ফিরছেন না, নেতৃত্বেও ফিরছেন।
শ্রেয়সের অধিনায়কত্বের পাল্লা ভারী হয়েছে আইপিএল-এর সাফল্যের কারণে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় এবং পরের বছর তিনি পঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। এই বছরেও পঞ্জাব প্লে-অফে ওঠার অন্যতম শক্তিশালী দাবিদার। অন্য দিকে সূর্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে রান পাননি। ৯ ইনিংসে ২৪২ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কয়েকটি ভাল ইনিংস বাদ দিলে সূর্য একেবারেই রান পাননি। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই রান পেতে হিমশিম খাচ্ছেন। ৪৫ ম্যাচে করেছেন মাত্র ৯৩২ রান। শ্রেয়স ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। ৫১টি ম্যাচে এখনও পর্যন্ত তিনি ১১০৪ রান করেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৭৪।