ওঙ্কার ডেস্ক: তলে তলে দেশের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করত রাজস্থানের জয়সলমিরের এক গেস্ট হাউসের ম্যানেজার। অবশেষে তাঁকে পাকড়াও করতে সক্ষম হলেন রাজস্থানের সিআইডি আধিকারিকরা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে সে কাজ করত বলে জানিয়েছেন গোয়েন্দারা। কী কী তথ্য সে এখনও পর্যন্ত পাক গোয়েন্দা সংস্থাকে দিয়েছে সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এর জয়সলমিরের গেস্ট হাউসে ম্যানেজার পদে কর্মরত ছিল সে। মঙ্গলবার রাজস্থানের গোয়েন্দা সংস্থা সিআইডি ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখত ওই যুবক। দেশের বিভিন্ন সংবেদনশীল তথ্য আইএসআই এর কাছে পাচার করত সে। রাজস্থানের সিআইডির (নিরাপত্তা) আইজি বিষ্ণুকান্ত জানান, কয়েক দিন পর স্বাধীনতা দিবস। বিশেষ এই দিনে নাশকতা বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সেই উদ্দেশে সব জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে। সেই নজরদারির সময় মহেন্দ্রর বিষয়টি সামনে আসে।
উল্লেখ্য, এর আগে অপারেশন সিঁদুর অভিযানের সময় দেশের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে বিশাল যাদব নামে নৌসেনার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লিতে নৌবাহিনীর সদর দফতর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে।
