ওঙ্কার ডেস্ক: রাজ্যে ইতিমধ্যেই মহিলাদের জন্য ফ্রিতে বাস সার্ভিস শুরু করেছে রাজ্য সরকার। অতিতে জানানো হয়েছিল মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ চালু করবে রাজ্য সরকার। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপুর্না যোজনার অনুষ্ঠানের দিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানিয়েছিলেন খুব শীঘ্রই পিঙ্ক কার্ডের আবেদন নেওয়া শুরু করবে রাজ্য। এবার তাঁর আবেদনের অনলাইন এবং অফলাইন পদ্ধতি জানিয়ে দিল সরকার। কিভাবে করবেন আবেদন, থাকছে বিস্তারিত।
অনলাইনে আবেদন করতে হলে নির্ধারিত সরকারি পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে আবেদনকারীর নাম, জন্মতারিখ, ঠিকানা, আধার নম্বর, ভোটার পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। পাশাপাশি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর একটি স্বীকৃতি নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে। পরবর্তীকালে সেই নম্বর ব্যবহার করে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানা যাবে। আর যাঁরা অনলাইনে আবেদন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের জন্য অফলাইনে আবেদন করারও ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা কিংবা প্রশাসনের নির্ধারিত ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। নথিপত্র যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের হাতে পিংক কার্ড তুলে দেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র বা অন্য কোনও বৈধ সরকারি পরিচয়পত্র, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। প্রয়োজনে প্রশাসন অতিরিক্ত নথিও চাইতে পারে। আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করে সবকিছু ঠিক থাকলে তবেই কার্ড ইস্যু করা হবে।
পরিবহণ দপ্তর জানিয়েছে, পিংক কার্ড বিতরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও মহিলা যাত্রী যাতে বিনামূল্যে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যবস্থা রাখা হয়েছে। কার্ড হাতে না পাওয়া পর্যন্ত বৈধ সরকারি ফটো পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। সেক্ষেত্রে বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে শূন্য মূল্যের টিকিট বা ‘জিরো ভ্যালু টিকিট’ ইস্যু করবেন। পরবর্তীতে পিংক কার্ড হাতে পাওয়ার পর সেই কার্ড প্রদর্শন করেই বিনামূল্যে যাতায়াত করা যাবে।