নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড বিতর্কে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই সূত্রেই রবিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটের বাড়িতে সমন নিয়ে হাজির হন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, সোমবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে।
এই একই নোটিস নিয়ে গত বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেদিন কেউ নোটিস নেননি। বাড়ি থেকে জানানো হয়, যাঁর নামে নোটিস তিনি শহরের বাইরে, গ্রহণ করার মতো কেউ নেই। ফলে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। বুধবার তিনি বাড়িতে ছিলেন না। শনিবার কলকাতায় ফেরেন তিনি। তার পরই রবিবার বেলা গড়াতেই ফের তাঁর বাড়ির গেটে পৌঁছায় পুলিশ। কিছুক্ষণ অপেক্ষার পর এবার নোটিস গ্রহণ করা হয়।
ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের ছাদে লাগানো তৃণমূলের নাম ও জোড়াফুল চিহ্নের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ ও পুরসভার আধিকারিকরা বিলবোর্ডটি বেআইনি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে দাবি করে খুলতে গেলে অভিষেকের অনুগামীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, জোর করেই ছাদে উঠে বিলবোর্ড খুলে নেয় পুলিশ। পরে একই জায়গায় ব্যানার টাঙিয়ে দেন অভিষেকের লোকজন। ওই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর হয়। তার মধ্যে একটি মামলায় আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে, ফের সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।