ওঙ্কার ডেস্ক: দেশের সম্পদে ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। কিন্তু তাদের জন্য আইন আর কতটা নমনীয় করা হবে? এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রোহিঙ্গা সংক্রান্ত এক মামলার শুনানিতে এই প্রশ্ন তোলে।
ভারতের নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ার পর পাঁচ রোহিঙ্গার কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে মামলা হয়েছিল। মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। মামলাকারীর উদ্দেশে এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, ‘আপনি কি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন?’ দেশের প্রধান বিচারপতি আরও বলেন, ‘উত্তর ভারতে আমাদের একটি সংবেদনশীল সীমান্ত রয়েছে। আমি মনে করি, দেশের অভ্যন্তরে কী হচ্ছে, সে বিষয়ে আপনি অবগত রয়েছেন।’ প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, ‘আপনি সুড়ঙ্গ দিয়ে ঢুকলেন। খাবার, আশ্রয়, শিশুদের শিক্ষার অধিকার পেলেন। আপনি চান, এ ভাবে আইন নমনীয় করা হোক? আমাদের গরিব শিশুরা কি সুবিধা পেতে পারে না?’
মঙ্গলবার মামলাকারীর তরফে তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন, কেউ অনুপ্রবেশকারী হলেও তাঁদের এ ভাবে বের করে দেওয়া যায় না। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তোলেন এই মামলার ভিত্তি নিয়েই। তিনি বলেন, মামলাকারীর সঙ্গে রোহিঙ্গাদের কোনও সম্পর্ক না থাকলেও তিনি মামলা করছেন। আদালত সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর এই মামলাটির পরবর্তী শুনানি হতে পারে।
