ওঙ্কার ডেস্ক: দিল্লির যন্তর মন্তরকে বিক্ষোভ ও ধরনাস্থল হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আইনি লড়াই শুরু। দিল্লি পুলিশ আগেই রাজধানীর এই জায়গাকে প্রতিবাদ স্থল হিসেবে অস্বীকৃতি দিয়েছে। এই আবহে পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন আইনজীবী স্বাতী সিং। তাঁর অভিযোগ, পুলিশের সিদ্ধান্ত সংবিধান স্বীকৃত বাক্স্বাধীনতা এবং শান্তিপূর্ণ জমায়েতের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।
দিল্লি পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবও। যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দুই আদালতেই চ্যালেঞ্জের মুখে। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে স্বাতী সিং জানিয়েছেন, যন্তর মন্তরকে নির্দিষ্ট প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁর বক্তব্য, সংবিধান নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার দিয়েছে। আবেদনকারীর দাবি, প্রতিবাদ করার অধিকার কেবল কোনও নির্দিষ্ট জায়গায় জমায়েত হওয়ার অনুমতির মধ্যে সীমাবদ্ধ নয়। আন্দোলনের মাধ্যমে নাগরিকেরা নিজেদের দাবি, অভিযোগ ও ভিন্নমত তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন এবং সাধারণ মানুষের নজরেও বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়াও প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
স্বাতী সিংয়ের মতে, প্রতিবাদের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে জায়গাটির অবস্থানের উপর। সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে দূরত্ব, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং আন্দোলনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ—সবই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাঁর আশঙ্কা, প্রতিবাদের স্থান দিল্লির দূরবর্তী বা প্রান্তিক এলাকায় সরিয়ে দেওয়া হলে আন্দোলনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।