ওঙ্কার ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার অর্থদপ্তরের তরফে নির্দেশিকা জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা ডিএ কর্মীদের দেওয়া হবে। অর্থাৎ, এই সময়ের প্রায় সাত বছরের বকেয়া একসঙ্গে মেটানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য। ফলে তার আগের সময়ের বকেয়া কবে মেটানো হবে, তা নিয়ে কর্মীদের মধ্যে প্রশ্ন ছিল। নতুন নির্দেশিকায় সেই বিষয়টির নিষ্পত্তি হল। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ কর্মীদের বকেয়া ডিএ তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে অবশ্য নিয়মটি আলাদা। তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
অবসরের তিন মাসের মধ্যে থাকা কর্মীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যাঁদের জিপিএফ চূড়ান্ত নিষ্পত্তির সময় এসে গিয়েছে, তাঁদের বকেয়া ডিএ জিপিএফে জমা হবে না। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে। তবে জিপিএফে জমা হওয়া বকেয়া ডিএ সঙ্গে সঙ্গে হাতে পাওয়ার সুযোগ থাকছে না। অর্থদপ্তর জানিয়েছে, সাধারণভাবে ২০২৮ সালের ৩১ মার্চের আগে ওই টাকা তোলা যাবে না। অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতি ছাড়া এই অর্থ কার্যত লক-ইনের আওতায় থাকবে। ফলে বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত হলেও অধিকাংশ কর্মীর ক্ষেত্রে সেই টাকা হাতে পেতে অপেক্ষা করতে হবে।