অর্পিতা মুখার্জী, কলকাতা: কাবেরী নদীর বাড়তি জল চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ফের খালি হাতে ফিরল তামিলনাড়ু সরকার। কর্নাটককে জল ছাড়ার নির্দেশ দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, বার বার একই বিষয়ে মামলা করার জন্য মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনাও করেছেন বিচারপতিরা।
তামিলনাড়ুর দাবি ছিল, কর্নাটকের কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ১০০ কোটি কিউবিক ফুট জল পাওয়া দরকার। প্রতিদিন ১.৩ টিএমসি করে ১০ দিন ধরে জল ছাড়ার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংহের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। তার পরেও শুক্রবার নতুন করে আবার মামলা করে বিজয় সরকার। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতিরা।
বিচারপতি নাথ বলেন, “আপনাদের আবেদন খারিজ করা হয়েছে। আজই আবার আবেদন করেছেন! মনে হচ্ছে আইনজীবীদের পিছনে খরচ করার জন্য তামিলনাড়ু সরকারের অনেক টাকা আছে। আমরা আপনার আবেদন খারিজ করেছি, পরেরটাও তাই করব।
তামিলনাড়ু সরকারের বক্তব্য, রাজ্যে তীব্র জলসঙ্কট চলছে। জলের অভাবে চাষিরা সমস্যায় পড়েছেন। চাষের ক্ষতি হচ্ছে। এই অবস্থায় কাবেরীর বরাদ্দ জলের পরিমাণ আরও বাড়ানো দরকার। কর্নাটক প্রয়োজন ছাড়াই জল আটকে রেখেছে বলে অভিযোগ তাদের।
অন্য দিকে কর্নাটক সরকার পৃথক হলফনামা দিয়ে জানিয়েছে, তাদের রাজ্যেও জলের সঙ্কট রয়েছে। একাধিক এলাকায় খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই বাড়তি জল ছাড়া সম্ভব নয়। কাবেরীর জল নিয়ে দক্ষিণ ভারতের দুই রাজ্যের সংঘাত অনেক পুরনো। আগেও একাধিক বার তামিলনাড়ুর আবেদন খারিজ করেছে আদালত।
কাবেরী নদীর উপর মেকেডাটু বাঁধ নির্মাণের প্রকল্প ঘোষণা করেছে কর্নাটক। ৯ হাজার কোটি টাকার ওই প্রকল্পে বেঙ্গালুরুর পানীয় জলের অভাব মিটবে এবং বিদ্যুৎ উৎপাদন বাড়বে বলে দাবি করা হয়েছে। তবে প্রথম থেকেই ওই প্রকল্পের বিরোধিতা করে আসছে তামিলনাড়ু। তাতে ওই রাজ্যের সেচব্যবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আদালতে মামলা চলার মধ্যেই তামিলনাড়ুর চাষিরা কাবেরীর নদী উপত্যকায় বালির মধ্যে নেমে প্রতিবাদ জানান। এর ফলে দুই রাজ্যের সম্পর্কের আরও অবনতি হয়েছে।