ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি সদ্য প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। সে দেশের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক। নির্বাচনে অংশ নিলে প্রার্থীদের হলফনামা দিয়ে জানাতে হয় তাঁদের সম্পত্তির হিসাব। বাংলাদেশের নির্বাচন কম ইশনের কছে নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন খালেদা পুত্র। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে তাঁর আয় হয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার বাংলাদেশি টাকা।
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে দুটি কেন্দ্রে লড়বেন তারেক রহমন। একটি হল বগুড়া-৬ এবং আরেকটি ঢাকা-১৭। বিধি মেনেই বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়েছেন বিএনপি নেতা। কমিশনের তরফে ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামা প্রকাশ করা হয়েছে। সেই হলফনামা অনুযায়ী, তারেক রহমানের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১ কোটি ৯৭ লক্ষ বাংলাদেশি টাকা। যার মধ্যে রয়েছে নগদ, ব্যাঙ্কের সঞ্চয়, শেয়ার। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, তারেক রহমানের দুই একরের বেশি অকৃষিযোগ্য জমি রয়েছে। যার বাজারদর ৩ লক্ষ ৪৫ হাজার বাংলাদেশি টাকা। এ ছাড়া তাঁর ব্যাঙ্কে রয়েছে প্রায় ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা। এফডিআর রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকার বেশি। ৫৭ বছর বয়সী বিএনপি নেতা নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লিখেছেন তিনি উচ্চ মাধ্যমিক পাশ। পেশা হিসাবে উল্লেখ করেছেন রাজনীতির কথা। বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে হলফনামা দেওয়া বাধ্যতামূলক করা হয় ২০০৮ সাল থেকে। আগে হলফনামায় প্রার্থীর বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, আয়-সহ আট ধরনের তথ্য দিতে হতো। বর্তমানে ১০ ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
