ওঙ্কার ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র সেই শরিফ ওসমান হাদির মৃত্যুতে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। একটা গোটা দেশ ক্ষোভের আগুনে জ্বলে যাচ্ছে। হাদির মৃত্যুতে পথে নেমে বিক্ষোভ মিছিল স্লোগান দিচ্ছে অগুনতি মানুষ। এবার বাংলাদেশের সেই মৃত নেতাকেই নিশানা করলেন তসলিমা নাসরিন। লেখিকা জানালেন, “মাদ্রাসা থেকে যারা আসে, অধিকাংশই মগজে ইসলাম নিয়ে আসে। তারা সত্যিকারের শিক্ষিত হয় না। সভ্য হয় না।
গত বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই অশান্ত বাংলাদেশ। অরাজকতার সীমা লঙ্ঘন হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক দীপু দাসকে মেরে গাছে বেধে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইসব ঘটনাপ্রবাহের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন লেখিকা। তসলিমা লিখেছেন, “হাদি মরার আগে ওর নামও শুনিনি কোনও দিন। চেহারাও দেখিনি। মরার পর চারদিকের হট্টগোল শুনে তার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে কিছু চিৎকারের ভিডিও দেখলাম। কারও হাত থেকে মোটা অংকের টাকা নেওয়ার ভিডিও দেখলাম। গালি গালাজ শুনলাম। ভারতের বিরুদ্ধে যুক্তিবুদ্ধিহীন চেঁচানো শুনলাম। সে মাদ্রাসায় পড়া লোক। সোজা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। আমাদের কালে আমরা কল্পনাও করতে পারতাম না, মাদ্রাসা থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিসীমানায় কেউ ঢুকতে পারবে। এই হাদি লোকটি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েছে!”
উগ্র ইসলাম এর মোহে যারা পড়েছে, বাংলাদেশে যাঁরা এখন হিংসার আগুন জ্বালাচ্ছেন, তাদের পক্ষে আর যাই করা সম্ভব, উজ্জ্বল কোনও ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয় বলেই মত লেখিকার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত লেখিকা তসলিমা নাসরিন।
