ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। তার মধ্যেই বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীরে লস্কর-ই-তইবার এক শীর্ষ কমান্ডারকে খতম করা হয়েছে বলে সূত্রের খবর। মৃত জঙ্গির নাম ইয়াসির। পহেলগাঁও হামলার অন্যতম চক্রী হিসেবে তার নাম উঠে এসেছিল।
সূত্রের খবর, বুদগাম জেলায় ইয়াসির লুকিয়ে ছিল। সেই খবর গোপন সূত্রে পায় সেনা। তার ভিত্তিতেই শনিবার অভিযান শুরু হয়। ইউসমার্গের দুর্গম ও জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় নামে সেনার স্পেশাল ফোর্সেস এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ দল। শুরু হয় তল্লাশি অভিযান। এলাকা ঘিরে ফেলার পর ইয়াসিরের পালানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে এই জঙ্গি। পালটা জবাব দেয় জওয়ানরাও। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত অভিযানে মৃত্যু হয় লস্কর কমান্ডারের।
নিরাপত্তাবাহিনীর তরফে এখনও অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পহেলগাঁও হামলার সঙ্গে ইয়াসিরের যোগ কতটা গভীর ছিল, সে বিষয়ে তদন্ত চলছে বলে সূত্রের খবর। কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পহেলগাঁও হামলার পর উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।