ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৯০ ফুট উচ্চতার হনুমান মূর্তি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মূর্তিটি ভেঙে ফেলার ডাক দিয়েছেন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের কর্মী ও ইউটিউবার জেসি হিউজ। তাঁর মন্তব্যকে সমর্থন করেছে উগ্র শ্বেতাঙ্গভাবধারার সদস্যরা। স্পর্শকাতর এমন বিষয়টি নিয়ে সরব হয়েছেন সে দেশে থাকা হিন্দুরাও।
জেসি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে ওই হনুমান মূর্তির ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁরা জয়ী হলে মূর্তিটি ভেঙে ফেলা হবে। সেই সঙ্গে হনুমান মূর্তিটিকে খ্রিস্টান-বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। যদিও জেসির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য রুচির বক্সি। তাঁর মতে, এই ধরনের মন্তব্য ‘দেশবিরোধী’। একইসঙ্গে তিনি এটিকে হিন্দুধর্মের উপর আক্রমণ বলেও উল্লেখ করেন। রুচিরের বক্তব্য, আমেরিকায় জয়লাভের অর্থ যদি হিন্দু মন্দির ধ্বংস করা হয়, তবে সেই ধরনের আমেরিকার জন্য তিনি লড়াই করেননি। তাঁর অভিযোগ, ভিন্ন ধর্ম বা পরিচয়ের মানুষের উপর আক্রমণ করার অধিকার প্রতিষ্ঠাই যেন তাঁদের উদ্দেশ্য।
উল্লেখ্য, টেক্সাসের ওই হনুমান মূর্তিটি ২০২৪ সালে উন্মোচন করা হয়। ৯০ ফুট উচ্চতার এই মূর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উঁচু হিন্দু মূর্তি। উচ্চতার বিচারে এটি আমেরিকার তৃতীয় সর্বোচ্চ মূর্তি। তবে ট্রাম্পের জমানায় মূর্তিটি নিয়ে একাধিক বার বিতর্ক সামনে এসেছে। চলতি বছরের শুরুতে এক মার্কিন সমাজকর্মী মন্তব্য করেন, ‘তৃতীয় বিশ্বের এলিয়েনরা’ আমেরিকা দখল করছে। মূর্তিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। ‘হিন্দু দেবতার মূর্তি’ রাখার অনুমতি কেন দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।