সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ নিত্যপ্রয়োজনীয় প্রসাধনীর মোড়ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে পণ্যটি নিরামিষ না আমিষ, তা প্যাকেটের গায়ে স্পষ্ট ভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।
কেন্দ্রের জারি করা নতুন নির্দেশ অনুযায়ী, নিরামিষ পণ্যের মোড়কে থাকতে হবে সবুজ বিন্দুর চিহ্ন। আর আমিষ পণ্যের ক্ষেত্রে থাকবে লাল বা বাদামী বিন্দু। এই চিহ্ন এমন জায়গায় রাখতে হবে, যাতে কেনার সময় সহজেই ক্রেতার চোখে পড়ে।
উপভোক্তা বিষয়ক মন্ত্রক ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’ সংশোধন করে এই পরিবর্তন এনেছে। সম্প্রতি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, নিয়ম কার্যকর হচ্ছে সোমবার থেকেই।