স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার শিলংয়ের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে গোলকিপার বিশাল কাইথের কেরামতিতে গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ডুরান্ডের ফাইনালে পৌঁছালো মোহনবাগান সুপার জায়ান্ট। কোয়ার্টারফাইনালেও জামশেদপুর এফসির বিরুদ্ধে দীর্ঘ টাইব্রেকারে জয় পেয়েছিল বাগান বাহিনী এই বিশালের হাতে ভর করেই। পরপর তিনবার ডুরান্ড ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল নর্থ ইস্টের।
ইস্টবেঙ্গল গোলকিপার প্রভুসুখন ডুরান্ডের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে দিল্লির ফুটবলার পেনার শট সেভ করেছিলেন। তাতেই জয় এসেছিল। আর বাগানের বিশ্বস্ত প্রহরী বিশাল দ্বিতীয় সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের নেওয়া রবিন যাদব ও গোগোইয়ের নেওয়া চতুর্থ ও পঞ্চম শট ঠান্ডা মাথায় তৎপরতার সঙ্গে রুখে দিয়ে দলকে ফাইনালে তুললেন। নর্থ ইস্টের নিনকোভিচ, আলাদিন আজারে ও এতিয়ান পেনাল্টি থেকে গোল করলেও রবিন ও গোগোইয়ের শট বিশাল রুখে দেওয়ায় হার বাঁচেনি। সবুজ মেরুনের হয়ে রাহুল বেকে, শুভাশিস বসু, লিস্টন কোলাসো ও জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে গোল করতে এতটুকু ভুল করেননি। সারা ম্যাচে ভাল খেললেও নর্থ ইস্টের গোলকিপার গুরমিত এই চারজনের শট রুখতে পারেননি। এর অর্থ রবিবার ডুরান্ড ফাইনালে আবার কলকাতা ডার্বিতে খেতাবী লড়াইয়ে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
এর থেকে ভাল আর কী চাইতে পারতেন ডুরান্ড কাপের সংগঠকরা। ২০২৩য়ের পর ডুরান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে আবার মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি। এবারের টুর্নামেন্ট শুরু হয়েছিল যুবভারতীতে কলকাতা ডার্বি দিয়ে। যা জিতেছিল মোহনবাগান। ফাইনালে দু’দল আবার মুখোমুখি। ইস্টবেঙ্গলের সামনে ফাইনাল ডার্বি জিতে চ্যাম্পিয়ন হওয়া ও মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। ২০২৩য়ে গ্রুপ পর্যায়ের ডার্বি ম্যাচ হেরেছিল বাগান ব্রিগেড। ফাইনালে অবশ্য ইস্টবেঙ্গলকে হারিয়ে খেতাব জিতেছিল তারা। তৎকালীন কোচ জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে। এবার ডুরান্ড ফাইনালে উঠল মোহনবাগান এসজি নতুন কোচ পানাগয়টিস ডিমপেরিসের কোচিংয়ে। তবে ফাইনালে যে সবুজ মেরুনের সামনে কঠিন লড়াই অপেক্ষা করে আছে, সেটা বলাই বাহুল্য। এদিকে ডুরান্ড কাপের টিকিট বিক্রি শুরু 1, D1, D3 ব্লকের টিকিটের দাম নির্ধারিত করা হয়েছে ২৫০ টাকা। C3 ও D2 ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের জন্য বরাদ্দ করা হয়েছে B1, B3, C1, B2, C3 এবং C2 রাইট ব্লক।
B1, B3 এবং C1 ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। B2 এবং C3 ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। C2 রাইট ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা।