ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় তদন্তে উঠে এল নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, টাইগারকে নয়, প্রথমে অভিনেতা সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। সেই উদ্দেশ্যে সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে রেকিও চালানো হয়েছিল। তবে বাড়ির বাইরে কড়া নিরাপত্তা দেখে পরিকল্পনা থেকে পিছিয়ে আসে তারা।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহুতে পুষ্পা নার্সি গ্রাউন্ড থেকে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার শ্রফ। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। তাদের তৃতীয় সঙ্গী কিছুটা দূরে মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল। গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালানোর পর তিন জন বাইকে চেপে পালিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে বাইকটি ফেলে রেখে জয়পুরগামী ট্রেনে ওঠে বন্দুকবাজরা। এই ঘটনায় বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা হৃতিক ওরফে রোশন (২২), হরিয়ানার সোনিপতের রেহান (১৮) এবং হরিয়ানারই ফুল সিংকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, হামলার ২৪ ঘণ্টার মধ্যে তাদের পাকড়াও করা হয়। তদন্তকারী সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, অন্য এক বিশিষ্ট ব্যক্তিকে খুনের উদ্দেশ্যেই তারা মুম্বইয়ে এসেছিল। সেই ব্যক্তি আর কেউ নন, বলিউডের ভাইজান সলমন খান।
সূত্রের খবর, হামলার আগে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে নজরদারি চালিয়েছিল অভিযুক্তরা। কিন্তু সেখানে বিপুল সংখ্যক পুলিশকর্মীর উপস্থিতি দেখে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় বুঝতে পারে। এরপর কম নিরাপত্তা রয়েছে, এমন তারকাদের নিশানা করার নির্দেশ দেওয়া হয় তাদেরকে। সাধারণ পর্যটকের মতো মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত অভিযুক্তরা। কখনও অটোরিকশায়, কখনও হৃতিকের মোটরবাইকে চেপে তারা বিভিন্ন জায়গায় যায়। সলমন খানের কাছে পৌঁছনো কঠিন বুঝতে পেরে টাইগার শ্রফকে নিশানা করে তারা।