অর্পিতা মুখার্জী, কলকাতা: ছটপুজোর প্রস্তুতি দেখতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মালা রায়। টালিগঞ্জের একটি মাঠে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন একদল মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও মালা সেখান থেকে সরে যাননি, বরং ঘটনাস্থলেই বসে থাকেন। তাঁর দাবি, এলাকায় দখলদারির রাজনীতি চলছে।
২০২৬ সালের বিধানসভা ভোটের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন মালা। ওই দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক। বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, ছটপুজোর প্রস্তুতি শান্তিপূর্ণভাবে চলছিল। মালা সেখানে গিয়ে বাধা দিয়েছেন।
একটি মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর আয়োজন করা হয়েছে। সেখানে পৌঁছতেই সাংসদকে ঘিরে বিক্ষোভ জোরালো হয়। অনেকে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা এলাকার পুরনো বিজেপি কর্মী। মালা তৃণমূলে থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের উপর অত্যাচার করেছেন। সেই কারণেই এই বিক্ষোভ।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মালা নিজে। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নিজের ওয়ার্ডের ১৭ নম্বর মাঠে প্রতিবছরই ছটপুজো পরিদর্শনে যান। সাংসদ জানিয়েছেন, সরকারি মাঠে সকলে আসতে পারেন। তিনিও পুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসেছেন। তাঁর বিরুদ্ধে কোনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেও জানিয়েছেন সাংসদ। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
মালার কথায়, ‘‘কেন বিক্ষোভ দেখানো হচ্ছে আমি জানি না। প্রশাসন বা পুরসভাও কিছু জানে না। তবে আমি কখনও অন্যায় অত্যাচারের রাজনীতি করিনি। এলাকার মানুষ সেটা জানেন। এই মাঠ দখল হয়ে যাচ্ছিল। দখলদারির হাত থেকে আমরা বাঁচিয়েছি। এখন এলাকা অশান্ত করার চেষ্টা চলছে।’’
কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করতে চাননি মালা। তাঁর কথায়, ‘‘মাঠটাকে ওরা পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। এটা সরকারি মাঠ। সকলে এখানে আসতে পারেন। কে চোর আর কে সাধু, মুখ্যমন্ত্রী সব খবর রাখেন। এই এলাকায় আগে কখনও এমন অশান্তি হত না। ৪ মে-র পর থেকে এসব শুরু হয়েছে।’’
বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালা পাল্টা জানতে চান, থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কি না। তাঁর কথায়, ‘‘কোনও রাজনৈতিক দলের কোনও অভিযোগ আমার বিরুদ্ধে নেই।’’