অর্পিতা মুখার্জী, কলকাতা: গত বুধবার সকালে সিকিম লাগোয়া সীমান্তে এক অচেনা বিমানের উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিরক্ষা সূত্রের দাবি, চিনের আকাশ থেকে সেটি ভারতের দিকে চলে এসেছিল। বায়ুসেনার তরফ থেকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও সেটি অনেকক্ষণ ধরে ওই অঞ্চলে ঘোরাঘুরি করেছে।
বিমানটি কার, কী উদ্দেশ্যে এসেছিল, তা এখনও পরিষ্কার নয়। বায়ুসেনা এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। প্রথম এই খবর সামনে এনেছিল আউটলুক।
প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, সকাল আটটা নাগাদ রেডারে ধরা পড়ে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় ভাসমান ওই যানটি। সঙ্গে সঙ্গে রেডিয়োতে তাকে ভারতীয় আকাশসীমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একবার নয়, বেশ কয়েকবার এই বার্তা পাঠানো হয়েছিল। তা সত্ত্বেও বিমানটি আরও প্রায় কুড়ি মিনিট ধরে সেখানে অবস্থান করেছিল বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় কিছু বাসিন্দার ধারণা, এটি চিনের কোনও সামরিক বিমান হতে পারে, হয়তো নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু এই অনুমানের পক্ষে এখনও কোনও পাকা প্রমাণ মেলেনি।
যে জায়গায় বিমানটি দেখা গিয়েছে, সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের ওপর নজর রাখা সম্ভব। এই সরু ভূখণ্ড দিয়েই উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে মূল ভারতের সংযোগ রক্ষা হয়। ফলে কৌশলগত দিক থেকে জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর। তাই ঘটনাটিকে শুধু আকাশসীমা লঙ্ঘন হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও তথ্য জোগাড় করার চেষ্টা চলছে।
এর ঠিক কয়েকদিন আগেই সিকিমে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ৮ নভেম্বর তিনি সেখানে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। সঙ্গে ছিলেন সেনাপ্রধান এবং পূর্বাঞ্চলীয় কমান্ডার-সহ শীর্ষ আধিকারিকরা। তার আগের দিন শিলিগুড়িতে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। ফলে তাঁর সফরের তিনদিনের মাথায় এই ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।
অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকদের একাংশ অবশ্য এতক্ষণ ধরে কোনও বিদেশি বিমানের ভারতীয় আকাশে থাকার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের যুক্তি, এতক্ষণ সময় পেলে হাসিমারা-সহ কাছাকাছি ঘাঁটি থেকে ভারতীয় ফাইটার জেট উড়ে গিয়ে তাকে ঘিরে ফেলত। তাঁদের মতে, খুব অল্প সময়ের জন্য অনুপ্রবেশ হয়ে থাকতে পারে। তবে সেটুকু হলেও তা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন তাঁরা।