মলয় গোস্বামীর কবিতা
তিল
যদি মরে যেতে গিয়ে দেখি
তুমি দাঁড়িয়ে রয়েছ সামনে
তবে এ-কথাই আজ মনে হয়
এই মৃত্যুর কোনো দাম নেই |
তাই আগুনে ঝড়ে ও বন্যায়
বাঁচি তোমারই দু’হাত জড়িয়ে
দেখি তোমার ঠোঁটের তিলটি
আসে জীবনের কাছে গড়িয়ে …
সন্ধ্যা নেমে এলো
ঈর্ষা ফেলে দাও | আমি তোমাকে
খুব আস্তে ছুঁয়ে থাকব |
ছুঁয়ে-থাকা মানে কিছু বলা |
যাক, সন্ধ্যা নেমে এলো |
আমি তোমার কথাগুলো দিয়ে
একটা মোমবাতি বানাবো আর
মোমবাতি জ্বালালেই তোমার নাম
ধীরে ধীরে ছড়িয়ে পড়বে …
আলো হয়ে ছড়িয়ে পড়বে …