সঙ্গী চাই
দেবদাস কুণ্ডু
খুঁজছি, খুঁজে চলেছি। আমি একটা প্রাণখোলা বন্ধু খুঁজে চলেছি। গরু খোঁজার মতো, গান খোঁজার মতো খুঁজছি। আমার অবশ্য গরু বা ছাগল খোঁজার অভিজ্ঞতা নেই। তবে লোকে বলেছে, কানে এসেছে, মনে ধরেছে কথাটা। ঠিক ঠিক জায়গায় প্রয়োগও করি। দু’ একবার উল্টো কেস হয়েছে। তা নিয়ে হাসাহাসি হয়েছে বিস্তর। আমি বিপর্যস্ত হয়েছি কখনো কখনো। অনেক সময় কঠিন ব্যাপার খুব সহজভাবে বুঝিয়ে দেয় এইসব প্রচলিত পুরনো পোষাকি প্রবচন। সত্যি যারা এইসব হিরকখণ্ড প্রবচনগুলো রচনা করেছিলেন তাদের ব্রেনগুলো কত সার্প ছিল। এই যেমন বক ধার্মিক। শুধুমাত্র দুটি শব্দ। কত কত কঠিন আর জটিল বিষয়কে এই দুটি শব্দ দিয়ে ব্যক্ত করা যায়, ভাবা যায় না। আরও আশ্চর্য যারা এইসব স্বর্ণসম প্রবাদ প্রবচন লিখেছেন তাদের কারো নামও শোনা যায় না। কোথাও তাদের নাম লেখা নেই। কিন্তু এগুলো তো কেউ না কেউ লিখেছে বা বলেছেন। বৃষ্টির মতো আকাশ থেকে তো পড়েনি।
-তোমাকে কি আরো এক কাপ চা দেবো ? চিন্তার প্রবাহ বাধা পেল পূর্নিমা কথায়।
-দিলে তো ভালো হয় কিন্তু তোমার তো আবার তাড়া আছে।
-কেন তাড়া থাকবে না বলতো ? আমায় তো শুধু তোমার বাড়ি কাজ করলে চলবে না। আমাকে পাঁচ বাড়িতে কাজ করতে হয়। না হলে পেটের আগুন নিভবে কেমন করে। ও যে চিৎকার আগুন। ওই একটা স্বামী, কোনদিন ভ্যান বের করল, সবজি নিয়ে সল্টলেকের বাজারে পৌঁছে দিল। কোনদিন ভ্যান বের করল না। জুয়া খেলে মদ খেয়ে দিব্যি শুয়ে থাকল। আমি কি তা পারবো মেজদা ? আমার তো দুটো ছেলে একটা মেয়ে আছে। একটা আবার নষ্ট করেছি, বৌদি জানে।
পূর্ণিমা আমায় মেজদা বলে ডাকে। যখন আমি পৈতৃক বাড়িতে ছিলাম তখন থেকে ও কাজ করছে। আমি বাড়ির মেজ ছেলে। তাই ওর কাছে আমি মেজদা। তা প্রায় তিরিশ বছর কাজ করছে। কি ভাবছেন ? গুল দিচ্ছি ? একটা লোক এক বাড়িতে তিরিশ বছর কাজ করে নাকি ? না, করে না। আমি বলছি তো, করে না, আমার বাড়িতেও করেনি। মাঝে মাঝে কখনো দুমাস কখনো এক মাস আমার মিলিটারি বউ রেগে গিয়ে ওকে তাড়িয়ে দিয়েছে। পূর্ণিমা বলেছিল, বৌদি তুমি আমার কথাটা একবার শোনো ! দেশের বাড়িতে আবাসনের টাকা পেতে…..
শোনার কিছু নেই পূর্ণিমা। আমি তো একটা মানুষ। দুদিনের নাম করে সাতদিন কামাই ! না, তুমি চলে যাও পূর্ণিমা, পরে এসে মাইনে নেবে। পূর্ণিমা চলে গিয়েছিল। একে তাকে দিয়ে কাজ চলছিল। ভাড়ার ট্যাক্সির মতো। প্রবচনটা ভুল ব্যবহার করলাম বুঝি। তাহলে বলি, ছাতায় তাপ্তি দেওয়ার মতো। তারা কেউ কাজ জানে না, আমার মিলিটারি বউয়ের কথায়। এদিকে দুই হাজার তিন হাজার টাকা চেয়ে বসছে। এ কি নিলাম বাজার নাকি ? কি গো তুমি কিছু বলছো না যে ?
একবার হয়েছে কি, কি একটা ব্যাপারে আমি বউকে পরামর্শ দিয়েছিলাম। বউ তা শুনে সেই মতো কাজ করেছে। কিন্তু ফল হয়েছে উল্টো। সেদিন যা আমি নাস্তানুবাদ হয়েছিলাম। মনে আছে। আমার বাবা মাকে নিয়েও টানাটানি পড়ে গিয়েছিল। ব্যাপারটা তুচ্ছ ছিল না। খুব ভারী বিষয় ছিল। কেন যে আনাড়ির মতো পরামর্শ দিয়ে ফেলেছিলাম। বুঝতে পারিনি। সেইদিন থেকে পরামর্শদাতার পদ থেকে পদত্যাগ করেছি। এখন স্ত্রীর সঙ্গে রেশনের বরাদ্দ চাল ডালের মত মেপেঝপে কথা বলি। একটা শব্দ বাড়তি বলি না। মেদহীন বাক্য বলতে চেষ্টা করি। ছিপছিপে তরুণীর শরীরের মতো।
-মেজদা তুমি কিন্তু আমার ব্যাংকের বইটা করে দিলে না। আমার এল আই সির টাকা ঢুকবে।
চায়ে চুমুক দিয়ে মুখ তুলেছি পূর্ণিমা কথাটা বলল। একটা সিগারেট ধরালাম। চায়ের সঙ্গে সিগারেট না হলে যত দামি চা-ই হোক, সে দার্জিলিং হোক, আসাম হোক, শিলিগুড়ি হোক, বৃটেনের হোক সিগারেট না থাকলে চায়ের স্বাদ পাই না। মনে হয়ে ছেলেবেলার সস্তা রঙিন সিরাপ খাচ্ছি। তাই দিনে যতবার চা খাই ততবার ঠোঁটে চেপে ধরি একটা সাদা সিগারেট। আমার কিন্তু সিগারেট খাওয়া বারণ। ক্যান্সার টেন্সারের জন্য নয়। আজ পর্যন্ত প্রমাণিত হয়নি সিগারেট বা তামাক ক্যান্সারের উৎস। যদি উৎস আবিষ্কার হতো তবে তো মেডিসিন কবেই আবিষ্কার হয়ে যেতো। এক বছর মৃত্যু তান্ডবের পর করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। এখন টিকা নিচ্ছে মানুষ। ভবিষ্যতে কি হবে, না হবে, কে জানে। আবার যে তুমি করোনায় আক্রান্ত হবে না, তার কি গ্যারান্টি আছে ? এখন তো ভ্যাকসিন নিচ্ছ, নাও, নিয়ে যদি মরো, মরে যাও। উপরে গিয়ে বলতে পারবে করোনা ভ্যাকসিন নেওয়া আছে। ওরা ঝামেলা করবে না। না হলে তো উপরে থাকতে পারবে না নীচে তো নয়। হাওড়া ব্রিজের মত ঝুলে থাকতে হবে। কিংবা ভীস্মের শরশষ্যার মতো। প্রবচন গন্ডগোল হচ্ছে কিছু ? আপনারা ধরিয়ে দেবেন আমাকে। যাই কিছু করার নেই। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে কয়েক কোটি লোক মরে গেলে কি আর ক্ষতি হয় ? গাছের কত পাতাই তো প্রতি মুহূর্তে ঝরে পড়ছে। তার জন্য গাছ শোক করে নাকি ? আবার নতুন পাতার জন্ম দিচ্ছে। মানুষের ঘাটতি মানুষই জনসংখ্যা দিয়ে পূরণ করে দিতে পারে কিংবা জনসংখ্যা বৃদ্ধি করতে পারে। এ ব্যাপারে এদেশের লোক কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে পারে। আর জনসংখ্যাটা তো দেশের সীমান্তের মতো ব্যাপার নয় যে এইটুকু মধ্যে তুমি আটকে থাকবে। সীমাহীন আকাশের মতো। যত ইচ্ছে সংখ্যা বাড়িয়ে যাও। পরাধীন ভারতে ছিল শুধু ৩৩ কোটি আর আজ…. বেশি কথা বলা হয়ে গেল।
আমার এন্টার গ্যাসট্যাইটিস আছে। বুকের মাঝখানে ঝুল বারান্দার মতো ব্যথাটা ঝুলে থাকে । সব সময় ঝুমঝুমির মত বাজে। প্রবাদ বাক্যটা কি সঠিক হল এখানে? কি জানি। যাইহোক যৌবনে প্রেমিকা ত্যাগ করে চলে গেলে যেমন বুকে রেশনের মোটা চালের মতো ব্যথা হয়। সবাই যা বলে। আমর অবশ্য সে অভিজ্ঞতা নেই। কোন প্রেমিকা আমাকে ত্যাগ করে যায়নি। আমি তাদের ত্যাগ করেছি। চরিত্র খুব একটা ভালো নয় আমার। একটু খোড়াখুড়ি করলে হরপ্পা স্যার মতো কেলেঙ্কারির ধংসের নমুনা পাওয়া যাবে। সেদিকে না যাওয়া ভাল। এখন আমি বিড়াল বলে মাছ খাবো নারী মতো। এখানে প্রবচনটা ঠিক আছে তো। ভুলভাল বললে প্রবচনের মর্যাদা হবে। এগুলো সনাতন প্রবচন। ভুলভাল বললে একদল লোক তেড়ে আসবে।
-কবে করে দেবে ব্যাংকের বই ? পূর্ণিমা আবার বলল।
-দেবো দেবো। চিন্তা করছ কেন ? আসলে কি জানো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে পাঁচ ছ’পাতার মহাভারত লিখতে হয়। বড্ড বিরক্তিকর। সত্যিই যারা টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে। সরকারের ক্ষমতা নেই তাদের বিদেশ থেকে ধরে এনে শাস্তি দেবে। তারা যখন একাউন্ট করতে যায়। কিংবা লোন নিতে যায়, তারা দু’ কলি গান শুনিয়ে দিলেই ম্যানেজার পর পর সই করে যায়। লক্ষ্মী পায়ের ছাপের মত। ওদের ওইসব মহাভারত টহাভারত লিখতে হয় না। আমার মতো তোমার মত সৎ লোকদেরই যত ফর্মালিটি মেনটেইন করতে হয়। তাহলে সৎ থেকে কি লাভ ?
পূর্ণিমা আগে বাসন মাজত ঘর মোছার কাজ করত। এখন রান্নার কাজ করে। আমার জন্য দুটো সবজি একটা মাছের ঝোল। এতেই ২০০০ টাকা মাসে খসে পড়ে। ৬ মাস হয়নি এখনই লাল ঝান্ডা তুলেছে। ৫০০ টাকা মাইনে বাড়াতে হবে। রান্না তেমন একটা ভালো পারে না। এদেশি মেয়ে। রান্না ভালো পারবে কি করে ? কিন্তু মাইনে বাড়ানোটা ভালো করে শিখে গেছে। এর জন্য ট্রেনিং স্কুল আছে। একটা পার্টি সেই ট্রেনিং স্কুলের হত্যাকর্তা।
-চুপ করে আছো কেন বল তোমার কি সমস্যা ? দেখি আমি দূর করতে পারি কিনা। পূর্ণিমা সবজি কাটতে কাটতে বলল।
আমি একটা বিড়ি ধরালাম। চায়ের সঙ্গে সিগারেট, অন্য সময় বিড়ি। ও একটা কথা বলতে ভুলে গেছি, গত বছর পেটের অসুখ নিয়ে খুব ভুগেছিলাম। ডাক্তার অনেক পরীক্ষা করল, ধরা পরল ফ্যাটি লিভার। এন্টার গ্যাসটাইটিস। প্রেসক্রিপশন লিখতে লিখতে ডাক্তার রায় বললেন-ধূমপান করবেন না। প্রেসক্রিপশনে লিখে দিলেন স্টপ স্মোকিং ইমিডিয়েটলি। যখন একথা লিখছেন ডাক্তার রায় তখন তার হাতে কিন্তু সিগারেট জ্বলছে। আমি বললাম, একটু আগে বললেন আপনি ফ্যাটি লিভার নিয়ে ভয় পাবেন না। কলকাতা শহরে ১০০ টা মানুষের ইউ এস জি করালে ৯০টা লোকের ধরা পড়বে ফ্যাটিলিভার। কমন রোগ। তবে আপনি কেন সিগারেট খাচ্ছেন ? ডাক্তার কোন উত্তর না দিয়ে বললেন- এই ওষুধগুলো তিন মাস খাবেন ! তারপর একটা পেটের স্ক্যান করবেন। যাক এসব কথা। ডাক্তাররা এমন দ্বিচারিতা করেন। বলেন, মদ খাবেন না, তেলেভাজা খাবেন না, অথচ আমি দেখেছি সন্ধ্যা বেলা রোগী দেখতে দেখতে তেলেভাজা খাচ্ছেন। আর রাতে তো মদ্যপান অবধারিত। ডাক্তারদের কথা যত কম বলা যায় তত ডাক্তারদের সম্মান রক্ষা করা যায়, আমার এক দাদা, নাম বলরাম ঘোষ একদিন কথা প্রসঙ্গে বললেন, দেখ শাম্ব জীবন ডায়াগনোসিস সেন্টার তাদের প্যানেল থেকে আমার নাম বাদ দিয়ে দিয়েছে।
– কেন ?
-ওরা মাসে পনেরো হাজার টাকার টেস্ট চাইছে।
– তা তুমি কি বললে ?
-বললাম, অত কেস দেব কোথা থেকে ? ওরা কি বললো জানিস, বলল, সবাইকে টেস্ট করতে পাঠাবেন। আমি বললাম, দরকার নেই তাকেও পাঠাবো ? ওরা বলল, হ্যাঁ পাঠাবেন। নাহলে কমিশনটা পাবেন কি করে ? বললাম, আমার অতো কমিশনের দরকার নেই। তাহলে প্যানেল থেকে আপনার নাম বাদ যাবে। যাক। আমি বলেছিলাম। – তুমি অত সৎ দেখাতে গেলে কেন ? তুমি খচখচ করে প্রেসক্রিপশনে টেস্ট লিখে দিতে অসুবিধা কোথায় ছিল ? বলরামদা বললেন, তুই ননমেডিকেল ম্যান। তুই অত বুঝবি না। জানিস পরীক্ষা করার জন্য যে রে দেওয়া হয় সেটা শরীরের পক্ষে কত ক্ষতিকর ?
-ও মেজদা বল তুমি কি সমস্যায় পড়েছ ? কড়াইতে মাছ ভাজার শব্দ আসছে। তোমাকে বলে লাভ নেই। তুমি পারবে না পূর্ণিমা।
-আহা বলই না। পূর্ণিমা মাছ উল্টে দিল।
-আমার এক বন্ধু চাই প্রাণ খোলা উদার বন্ধু।
-হ্যাঁ ? কি সর্বনেশে কথা গো ! এই বয়সে তুমি বন্ধু চাইছো ? বৌদি জানে ?
আমি চুপ।
-বৌদি ট্রান্সপার নিয়ে বাইরে চলে গেছে বলে তুমি নতুন বন্ধু চাইছো ?
কথাটা সত্যি। আমার বউ চাকরি করে। আর মাত্র তিন বছর চাকরি আছে। এই শেষ বয়সে তাকে বহরমপুর পাঠিয়ে দিয়েছে। পূর্ণিমা ভাবছে, বৌদি নেই আমি একা থাকি তাই আর একটা…
-তুমি যা ভাবছো তা নয় পূর্ণিমা। আচ্ছা তুমি কি ভাবছো বলতো ?
সবজি চাপিয়ে পূর্ণিমা বলল- বন্ধু চাইছো মানে এই বুড়ো বয়সে তুমি আর একটা বিয়ে করতে চাইছ তাই তো ? তোমার মেয়ে আছে, জ্যামাই আছে। নাতি আছে। এরা সমাজে মুখ দেখাবে কেমন করে ?
– আহা কি মুশকিল তোমরা কি বিয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারো না ?
-তুমি এ বয়সে বন্ধু চাইলেই পাবে ? মেয়ে কি সংসারে সস্তা ? এই বয়সে তোমাকে কোন মেয়ে বিয়ে করবে ? মাছ কি দু ‘বাটিতে রাখবো ?
– হ্যাঁ। তুমি আমার বাষষ্টি বছর বয়সের কথা বলছ ? তুমি কি জানো একজন সেতার বাজক ৭০ বছর বয়সে বিয়ে করলেন।
– তোমরা পুরুষেরা পারো বটে। সে সেতার বাজায় না বউ বাজায়। কে জানে ?
-তার নাম জানো ? সে এক বিখ্যাত লোক।
– রাখো তোমার ওমন বিখ্যাত লোক। ওদের ল্যালা মুখে লুলো ঘষে দিতে হয়। পূর্ণিমা রেগে গেছে।
-আজকাল মেয়েরা দুতিনটে বিয়ে করছে ?
– কেন করবে না ? তোমরা করলে আমরা করতে পারি না ? কড়াইতে তেল ঢালল পূর্ণিমা।
– শোন পূর্ণিমা আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি চাকরি থেকে অবসর নিয়েছি। তোমার বৌদি এখানে নেই। আমার সময় কাটে কি করে বলো ? তাই কথা বলার জন্য একটা বন্ধু চাই।
-তোমার তো বন্ধু আছে, আগে তো দেখতাম তারা আসত। গল্প করত। পাখির ডানার মতো ধোঁয়া ছাড়তো। বৌদি না থাকলে ছাই ভস্ম খেতে টাকা খরচ করে। আমার বরের মতো। ও অবশ্য কানাই মন্ডলের চুল্লা খায়। খেয়ে কি লাভ হয় কে জানে ? খেয়ে তো ঘুমিয়ে পড়ে। আমরা তো না খেয়েই ঘুমিয়ে পড়ি।
-সেটাই তো ভাল।
-তা তোমার বন্ধুরা সব গেল কোথায়। ডালে সম্ভার দিল পূর্ণিমা। কোন গন্ধ নেই।
-সেই সব বন্ধুরা এখন খাঁচার পাখি হয়ে গেছে। তাদের সময় নেই। কেউ নাতি সামলাচ্ছে, কেউ অসুস্থ বউ সামলাচ্ছে, কেউ অফিস করছে, তাদের কথা বলার সময়টুকু পর্যন্ত নেই।
-তুমি কি বলছো বলো তো ? চাইলেই মেয়ে বন্ধু পেয়ে যাবে ? অত সহজ নয়। তোমার সঙ্গে বন্ধুত্ব করে তার কি লাভ হবে ? ওকে বিয়ে করতে পারবে না। ওর বদনাম হবে।
-তাই বুঝি ? তুমি জানো না পূর্ণিমা, বিদেশে বন্ধু ভাড়া পাওয়া যায়। তুমি টাকা দিলে তোমার বাড়ি এসে তোমার সঙ্গে গল্প করবে। তোমার পাশে বসে গল্প করবে। তোমার সেবা যত্ন করবে। মনে হবে কত আপনজন।
-তা বিদেশে গেলেই তো পারো। এখানে পড়ে আছো কেন ? আজ একটু সবজি বেশি হয়ে গেছে তিন বাটি, বিকেলে সবজি দিয়ে টিফিন করে নিও।
-বেশি সবজি খেলে আমার গ্যাস হয়, তুমি পরিমাণ মতো করতে পারো না ?
– সব দিন হয় না বুঝলে ? রান্নাঘর মুছতে মুছতে পূর্ণিমা বলল- তুমি এক কাজ কর
-কি কাজ ?
-কাগজে একটা বিজ্ঞাপন দাও পাত্র চাই এর মত বন্ধু চাই। তার আগে তোমার পৈতৃক বাড়ির ঘরটা রংটং করে ঝা চকচকে করে রাখো।
-কেন একথা বলছো ?
– এটা তো বৌদির ফ্ল্যাট। নতুন বন্ধু নিয়ে এলে তোমার মিলিটারি বউ এখান থেকে বের করে দেবে। তখন তুমি কি করবে ? নতুন বন্ধু নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াবে ?
-তাই তুমি ঐ বাড়ির কথা বলছো ? ঐ বাড়িতেও ভাইরা ঢুকতে দেবে কিনা সন্দেহ।
-এবার বোঝ কি করবে ?
ভাবছি। সমস্যাটা গুরুতর হয়ে যাচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। আরে এ যে তরুণ। বহু পুরনো বন্ধু। উচ্ছাষিত গলায় বললাম-খবর কি তোর ? কবিতা লিখছিস ?
-ব্যবসা নিয়ে ব্যস্ত। তা তোর বউ এখন কোথায় ?
-বহরমপুর।
-প্রমোশন টান্সফার।
-হ্যাঁ ।
-তুই না করলি না ?
-করেছি। শোনে নি। বলছে প্রমোশন নিলে ওর স্টার বাড়বে।
-তাহলে তো নেবেই। তোর থেকে স্টারের দাম বেশি।
-এখন কি কলকাতায় ? আবার যাবি কবে রাজস্থান ?
-দেরি আছে।
-তাহলে আয় একদিন আড্ডা দেই।
-টাইট প্রোগ্রাম। সময় হবে না।

দুই
বন্ধু চাই বিঞ্জাপনে অনেক রেন্সপনস এসেছে। তাদের প্রশ্ন কতক্ষণ সঙ্গ দিতে হবে ? কত টাকা দেবেন ? সঙ্গ বলতে কি বলতে চাইছেন ? আমি যা টাকার অঙ্ক বলছি তাতে কেউ রাজি হচ্ছে না। সকলের ডিমান্ড অনেক বেশি। আমি কোথায় অত টাকা পাবো ? ফিক্স ডিপোজিট ভাঙতে হয়। আজ বুঝলাম ফ্রিতে কিছু পাওয়া যায় না। এরা কি বন্ধু ? এরা এখন এটাকে প্রফেশনাল করেছে। আমি চাইছি প্রাণ খোলা উদার হৃদয়ের বন্ধু। যার সঙ্গে কথা বললে মন ভেসে যাবে দূর দেশে। শূন্যতা দূর হবে। নিঃসঙ্গ মনে হবে না আর। যতক্ষণ ইচ্ছে গল্প করা যাবে, দিনে যেকোনো সময়। এমনকি রাতেও গল্প করা যেতে পারে। একজন অদ্ভুত প্রশ্ন করেছে শুধু সঙ্গ দিলে হবে নাকি তার সঙ্গে আরো কিছু চাই ? আমি বুঝতে পেরে বলেছি, আমার বন্ধু দরকার অন্য কিছু না। আপনি কখন সঙ্গ নিতে চান ? মেয়েটা বলল দিনে এক রেট, রাতে হলে ডাবল। পরে ফোন করে জানাবো বলেছি।
তখন থেকে টিকটিক করছিল ফোনটা মানে লাইনে কেউ ছিল ফোনটা কেটে দিয়ে দেখলাম তরুণ ফোন করেছে।
-হ্যাঁ হ্যাঁ, বলো তরুণ।
-একটা সুখবর দিচ্ছি।
-সুখবর ! কবিতার বই বেরোচ্ছে নাকি ?
– না না। কবিতা আসছেন।
-মানে ?
– আমি কবিতাকে বিয়ে করছি।
-কবিতাকে আমি তাকে চিনি ? কলকাতার মেয়ে ?
-না। দিল্লির মেয়ে।
-এই বয়সে বিয়ে করছো ?
-একজন সঙ্গী চাই যে !
-তা কবিতার বয়স কত ? তোমার তো ষাট হবে।
-চল্লিশ। তোমার বাড়ি যেতে পারলাম না। কিছু মনে করো না শাম্ব পয়লা মাঘ বিয়ে। আমার সল্টলেকের ফ্ল্যাটে চলে এসো। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু থাকবে। পরে একদিন খাওয়া দাওয়া হবে।
মনে মনে ঠিক করলাম এবার আর বন্ধু চাই না, এবার কাগজের বিজ্ঞাপনে দেব সঙ্গী চাই। মিলিটারি বউ যদি ঘর থেকে বের করে দেয় গাছ তলায় গিয়ে থাকবো। তবুও সঙ্গে একজন সঙ্গী থাকবে। যার সঙ্গে প্রাণ খুলে গল্প করা যাবে। এ বয়সে তো আর… বুঝতেই পারছি… আর ভেঙে বললাম না।