পরাণের জল
অভীককুমার দে
মনখারাপ হলে তুমি আকাশ দেখো,
আমি দেখি জল, নদীজল, মুহুরীর।
ঋতু জানে, এইটুকুই তফাত,
তুমি আমি জল-আকাশ ভাবি,
চাবির ছড়ায় নড়ে ওঠে সংসার।
অথচ বুকের কাছে জীবনের সবুজ,
আদরে আবদারে উর্বর জমি হাসে,
ভালোবাসে আলো আর বাতাস।
আমাদের কোথাও মেঘ, কোথাও ঢেউ,
কে কাকে কীভাবে খুঁজি, মৃত্তিকা কার!
আহারে-প্রহারে জীবন যদি ধুলো,
চুলোতেই ছাই, তবু চাপা আগুন যার
জ্বলে জ্বলে জ্বালাবার আয়োজন।
তথাপি তুমি আমি
পরাণের জল,
মাটিকে বৃষ্টি দিতে পারি।