উড়ানেরপথ
শ্রীময়ী গুহ
এক পশলা আলোর বৃষ্টি
আকাশের বুকে ভীড় করে আসা নীলাভ কণা
আশাবরী রাগে
কখন যেন
ভীষণ আনমনা
করে তুলেছে সুদূরে
ভেসে যাওয়া বকের সারির
ডাক পিওনের দলবলদের – – –
উত্তরের অপেক্ষায় আজ
আর থাকে না সময়
ছলাৎ শব্দের
ঘাই তোলা
টুকরো
ক্ষত
অক্ষত থেকে
যায় দীঘির তল ছোঁয়া
ভেজা মাটির আলিঙ্গনে স্মৃতির বাহুপাশে ধরা পড়া মুখ
মুখোশের ভীড় ঠেলে লহমায় তুফানি তরঙ্গে ইথারের
স্পর্শে এক এক করে
প্রবাল প্রাচীর ভাঙে
পিছুটান ছেড়ে
ডানা
ঝাপটায় বোহেমিয়ান
মন— পিছুডাকে ধরে রাখে বিহঙ্গের খাঁচা ভাঙা উড়ন্তদহন
সাধ্য কী তার
জলের স্রোতে
ভেসে চলা শেষের শুরু আর কতক্ষণ…