গন্ধরাজ
শ্রবণা ভট্টাচার্য
দিনের শেষে ফেরার পথে এনো গন্ধরাজ
দিও আমায় দিনমজুরির রূপে,
ব্যথার দিনগুলো ভেঙে ভেঙে এখন
আক্রোশের দিকে চলে যায়
সীমাহীন সময়ের মরীচিকা – বিভ্রম
ধার রেখে কাগজের ফুল ফোটাই
পরাধীন টবে সেতু ভাঙি,সেতু গড়ি
রাজত্বের মাঝে।
যে ওষ্ঠ চুম্বনে প্রকট সেই ওষ্ঠ
শানাও পাথরে,
অভিমান – দাসত্ব কোনটাই আসেনা আমার,
সফেদ বৈরাগ্য জলে ভেজাবো গন্ধরাজ
চলে যাওয়ার পথে রাখবো রক্তকাঁটা গোলাপ,
উদাসী গন্ধরাজ, আরক্ত গোলাপ মধ্যযামিনীতে শিরোধার্য সব।