ওঙ্কার ডেস্ক: রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা থেকে সরে এলেন রবিউল আলম চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত বদল করেছেন বলে জানিয়েছেন মমতা তৃণমূলের প্রার্থী। সকালেই তিনি জানিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতে ইউ টার্ন নিলেন রবিউল।
রবিউল জানিয়েছেন, নতুন প্রতীক ‘ফুটবলার’ নিয়েই নির্বাচনে লড়বেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তাঁর লড়াই চলবে বলে জানিয়েছেন। শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে রবিউল বলেছিলেন, কর্মীদের উপর চাপ রয়েছে। তাই ভোট পরিচালনা করা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই প্রার্থীপদ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর ভোটে থাকার সিদ্ধান্ত নেন রবিউল।
সাংবাদিকদের তিনি জানান, দলনেত্রীর নির্দেশেই নির্বাচনে লড়াই করব। মনোনয়ন প্রত্যাহার করছি না।কর্মী সংখ্যা কম থাকলে ভোট পরিচালনা কীভাবে হবে, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন রবিউল। তাঁর কথায়, যতজন কর্মী থাকবেন, তাঁদের নিয়েই নির্বাচনী লড়াই চালানো হবে। এর আগেও অল্প কর্মী নিয়ে নির্বাচন করার অভিজ্ঞতা তাঁদের রয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ‘ফুটবলার’ প্রতীকেই লড়াই হবে।