ওঙ্কার ডেস্ক: পুজোর আগেই বড় ধাক্কা হাওড়া-খড়গপুর শাখায়। প্রায় দু’সপ্তাহ এই গুরুত্বপূর্ণ রেলপথে ব্যাহত হবে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের কাজ হবে। সেই কারণেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। এই সময় লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরসুমে এমন সিদ্ধান্তে যাত্রী দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, বাতিলের তালিকায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস। তার মধ্যে রয়েছে হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।
জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস এবং শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেসও রয়েছে তালিকায়। জনপ্রিয় হাওড়া-দিঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
১০ অক্টোবর মহালয়ার দিনও একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। ওই দিন হাওড়া-পুরী এক্সপ্রেস চলবে না। হাওড়া-জগদলপুর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। একই তালিকায় রয়েছে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেসের পরিষেবাও ওই দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। ১১ অক্টোবর সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পুজোর সময় এমনিতেই ট্রেনে যাত্রীদের চাপ বাড়ে। তার উপর গুরুত্বপূর্ণ শাখায় একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।