ওঙ্কার ডেস্ক: নন্দীগ্রামের পর এবার রেজিনগরেও নমিনেশন প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। শনিবার মনোনয়ন তুলে নেওয়ার কথা জানিয়েছেন রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী।নতুন প্রতীক নিয়ে ভোটে নামার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন রবিউল। তাঁর বক্তব্য, নতুন প্রতীক সাধারণ মানুষের কাছে পরিচিত করানো কঠিন। কর্মীদেরও ভোটের কাজে নামানো যাচ্ছে না।
রবিউলের দাবি, কর্মীদের উপর চাপ রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে ভোট পরিচালনা করবেন, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রসঙ্গত, এর আগে শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন মমতা-সমর্থিত প্রার্থী সঞ্চিতা প্রধান দে। ওই আসনে পরে কংগ্রেসকে সমর্থনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রেজিনগর নিয়ে অবশ্য তখনই কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। মমতা জানিয়েছিলেন, বিষয়টি পরে দেখা হবে। এরপর থেকেই রবিউল আলম চৌধুরী প্রার্থীপদ প্রত্যাহার করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই সকালে নিজের সিদ্ধান্তের কথা জানান রেজিনগরের প্রার্থী।
উল্লেখ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করেছে। এরপর মমতাপন্থী এবং ঋত শিবির পৃথক নাম ও প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামে। কালীঘাটপন্থী শিবিরের নতুন নাম হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাদের জন্য নির্ধারিত প্রতীক ‘ফুটবলার’। তবে ওই প্রতীকে নির্বাচনে লড়তে প্রার্থীদের একাংশ রাজি নন। তারই প্রভাব পড়েছে দুই উপনির্বাচন কেন্দ্রেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত ২৯ বছরের বঙ্গ রাজনীতির ইতিহাসে এই পরিস্থিতি তৈরি হয়নি। দীর্ঘ তিন দশক পর মমতার দল ছাড়া নির্বাচনী লড়াই হতে চলেছে।