ওঙ্কার ডেস্ক: শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তৎপর নয়া বিজেপি সরপকার। পুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্ল্যান্ট এর উদ্বোধন হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, পুজোর আগেই ৬ হাজার কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হবে। শুক্রবার হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারিতে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সংস্থাটির পরিচিতি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। মুখ্যমন্ত্রী একে ভারত সরকারের লাভজনক নবরত্ন সংস্থা হিসেবেও উল্লেখ করেন। একসময় হলদিয়ার সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময়ের বিনিয়োগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি সাংসদ থাকাকালীন হলদিয়ায় প্রায় ২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। পাশাপাশি হলদিয়ায় আরও শিল্প আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, একাধিক নতুন শিল্প সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করছে। পেপসি সংস্থার প্রতিনিধিদের হলদিয়ায় জায়গা দেখার জন্য পাঠানো হয়েছে। কোম্পানির প্রতিনিধিরা কল্যাণী এবং হলদিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আগামী ১৪ অক্টোবর, ষষ্ঠীর ঠিক আগে প্রকল্পটির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। পুজোর উপহার হিসেবেই এই প্রকল্প রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে। সম্প্রতি অতিবৃষ্টির জেরে হলদিয়ায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণ মানুষের দুর্ভোগের কথাও অনুষ্ঠানে ওঠে।