ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। রেলবোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকেই পরিষেবা শুরুর কথা। সেই লক্ষ্য সামনে রেখে দ্রুত গতিতে স্টেশন তৈরির কাজ চলছে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গত দু’মাস ধরে প্রায় নিয়মিত বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে নির্মাণকাজ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিউ গড়িয়ার এই স্টেশন তৈরি শেষ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মেট্রো কর্তাদের বক্তব্য, ১ জানুয়ারির দিনটি রেলবোর্ডই স্টেশন চালুর জন্য নির্ধারণ করেছে। সেই সময়সীমা মেনেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পুরনো স্টেশন ভাঙার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। নতুন স্টেশন তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। এখন দ্রুত বাকি কাজ শেষ করাই মূল লক্ষ্য। এক কর্তার কথায়, স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কার্যত যাত্রীশূন্য হয়ে চলছে অরেঞ্জ লাইনের মেট্রো। নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে প্রায় সওয়া এক বছর ধরে ফাঁকা ট্রেন চালাতে হচ্ছে। ফলে কর্তৃপক্ষের লোকসানের পরিমাণও বাড়ছে। এই রুটের অধিকাংশ যাত্রী নিউ গড়িয়া থেকেই মেট্রোয় উঠতেন। সেই স্টেশন বন্ধ হওয়ার পর বেলেঘাটা পর্যন্ত পরিষেবায় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তার প্রভাব পড়েছে আয়েও।
উল্লেখ্য গত ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা ধরা পড়েছিল। সেই কারণে পুরনো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখন জানানো হয়েছিল, আট থেকে ন’মাসের মধ্যে নতুন স্টেশন তৈরি হয়ে যাবে। কিন্তু বছর ঘুরে গেলেও কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের শেষ স্টেশন হওয়ায় কবি সুভাষের গুরুত্বও যথেষ্ট। গড়িয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ এই স্টেশনের উপর নির্ভর করেন। দীর্ঘদিন স্টেশন বন্ধ থাকায় তাঁদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে।