ওঙ্কার ডেস্ক: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি নিয়ে আর কোনও ঢিলেমি নয়। বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা বিএএ সম্পূর্ণ না করলে এবার গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে, বিষয়টি স্পষ্ট ভাবে জানানো হয়েছে। ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড় বা সার্ভার সমস্যার মতো কারণ আর গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে নির্দেশিকায়। ফলে পুজোর আগে গ্রাহকদের জন্য আধারভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক হয়ে উঠেছে।
উপ-সচিব মোহিত কুমার আগরওয়ালের পাঠানো নির্দেশে উল্লেখ করা হয়েছে, এখনও যাঁরা বিএএ করেননি বা তা করতে চাইছেন না, তাঁদের জন্য ওএমসি-গুলির অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপে পৃথক বিকল্প রাখার কথা বলা হয়েছে। তবে আধার যাচাই ছাড়া গ্যাস নিলে ভর্তুকি থেকে বঞ্চিত হতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ—দুই ধরনের সরকারি সুবিধাই বন্ধ হতে পারে।
বর্তমানে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের প্রকৃত বাজারদর প্রায় ১,৬৯৫ টাকা। কেন্দ্রের ৭২৭ টাকার পরোক্ষ ভর্তুকির পরে সাধারণ গ্রাহক সেটি ৯৬৮ টাকায় পান। এর পাশাপাশি ১৯.৫৭ টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। বিএএ না থাকলে এই সুবিধা মিলবে না আর। সেক্ষেত্রে পুরো ১,৬৯৫ টাকা দিয়েই সিলিন্ডার কিনতে হতে পারে।