ওঙ্কার ডেস্ক: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। এ বার পাকাপাকি ভাবে আইন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলে সই করে সেটিকে আইনে পরিণত করেছেন তিনি। এর ফলে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ খুলে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বিপাকে পড়তে চলেছে ভারত ও চিন।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে এই নিষেধাজ্ঞা বিলটি দু দিন আগে পাস হয়। এ বার সেটিতে ট্রাম্প সম্মতি দিলেন। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামের এই আইনটি সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা হয়েছে। যিনি ইউক্রেনের অন্যতম কট্টর সমর্থক ছিলেন। কিয়েভ সফর থেকে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই চলতি বছরের জুলাই মাসে তাঁর মৃত্যু হয়। বিশ্লেষকদের মতে, এই আইনের লক্ষ্য হল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া। রাশিয়ার কাছ থেকে যে সমস্ত দেশ জ্বালানি কেনে তাদের কথা মাথায় রেখে এই আইন প্রণয়ন করা হয়েছে। যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, রুশ তেল ও গ্যাসের ওপর তাদের নির্ভরতা কমাতে আইনটি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির তথ্য অনুযায়ী, এই আইনে রুশ পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা রয়েছে। এছাড়া, রাশিয়ার তেল ও গ্যাস কেনে এমন দেশগুলোর পণ্যের ওপরও ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ব্যবস্থা রাখা হয়েছে। এই আইনের ফলে ভারত এখন নতুন করে শুল্ক আরোপের ঝুঁকির মুখে পড়েছে। যদিও এ বিষয়ে নয়াদিল্লি আগেই জানিয়েছে, নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে তারা বদ্ধপরিকর।