নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আনন্দভ্রমণ শেষ হল বিষাদে। বারাবনির মন্দিরা ড্যামে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২২ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম সুপ্রিয় চক্রবর্তী। কলকাতার এক নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন তিনি। আসানসোলের মুচিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন যুবক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ৬ বন্ধু মিলে মন্দিরা ড্যামে ঘুরতে গিয়েছিলেন। পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ওই ড্যামের জমা জলে স্নান করতে নামেন তাঁরা। তখনই আচমকা গভীর জলে তলিয়ে যান সুপ্রিয়। বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও জলের গভীরতা ও টানের কারণে ব্যর্থ হন। ফলে শেষ রক্ষা হয় না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ এবং বারাবনি ব্লকের বিডিও। শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়রাও তল্লাশি চালান। তবে রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনও খোঁজ মেলেনি।
স্থানীয়দের দাবি, দু’দিন আগেও ওই তরুণরা একই জায়গায় সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে এসেছিলেন। রবিবার ফের ঘুরতে এসে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমেছে। তবে নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, কিনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।