গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত হলেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদার। অভিযোগ, জয়নগর থানার অন্তর্গত মনসাতলায় একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। গাড়িতে বসে থাকা অবস্থাতেই তাঁর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙচুর করা হয়েছে বিধায়কের গাড়িও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে খবর, হামলায় বিধায়কের নাক ও মুখ ফেটে গিয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। গাড়িতে বসে থাকা অবস্থায় তাঁর উপর হামলা চালানো হয়। হামলার জেরে বিধায়ক গুরুতর আহত হন। তবে আচমকা কেন এই আক্রমণ তা বুঝে উঠতে পারছেন না মমতাপন্থী বিধায়ক। যদিও নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা আছে বলেই মনে করছে অনেকে।
গতকাল ঘটনার খবর পেয়ে বারুইপুর মহকুমা হাসপাতাল এবং হামলার ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। কী কারণে এই হামলা, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। বিধায়কের উপর এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তদন্তের পরেই হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হবে।