নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুজো। বিগত ১৫ বছর তৃণমূল জমানায় দেবী আরাধনার আড়ম্বর দেখেছে বাংলা। ফলে এই বছর নতুন সরকারের নেতৃত্বে বঙ্গে পুজোর ছবিটা কেমন হবে, তা নিয়ে কমবেশি কৌতূহল ছিল সবার মনে। কিন্তু শনিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত ‘উমা আগমনী’ অনুষ্ঠানে সেই যাবতীয় কৌতূহল দূর করলেন মুখ্যমন্ত্রী নিজেই। জানালেন রাজ্যে নতুন ১২,৪০০টি দুর্গাপুজোকে অনুমোদন দিয়েছে তাঁর সরকার।
শুধু অনুমোদন না। সরকারের তরফে এক লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। যা আজ অর্থাৎ রবিবার থেকেই প্রদান করা হবে। গতকাল অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিগত দিনে দুর্গাপুজো করার জন্য হাই কোর্টে যেতে হত। এটা আমাদের কাছে দুঃখের ছিল, বেদনার ছিল। এ বারে হাই কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই।” এর পরেই সংখ্যার হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ‘‘২০২৫-এ প্রায় ৪৫,০০০ হাজার পুজো অনুমোদিত ছিল। এ বার আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার, যে সরকার আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সনাতনী পরম্পরাকে সম্মান জানাতে চায়, তারা ১২,৪০০ নতুন আবেদনকারীর পুজো অনুমোদন করেছে এবং অনুদানও দেওয়ার ব্যবস্থা করেছে।’’
গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যে বার বার উঠে এসেছে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য এবং সনাতনী সংস্কৃতির প্রসঙ্গ। সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর যেখানে অনুমোদিত দুর্গাপুজোর সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার, এ বার নতুন ১২,৪০০টি পুজো যুক্ত হওয়ায় সংখ্যাটি ৫৭ হাজারের বেশি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “পুজোর অনুমোদনের ক্ষেত্রে এ বার আর উদ্যোক্তাদের আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়েনি। নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরেই সেই অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে।”