গোপাল শীল, জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ মানসাতলা, গোচারণ-ধোসা রোড এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি দেশীয় ৭ মিমি পিস্তল এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আমির সোয়েল শেখ (২৫) এবং সাহিদ আনোয়ার মণ্ডল (২৬)। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় ওঁত পেতে ছিল জয়নগর থানার পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দু’জনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা বিহারের মুঙ্গের এবং মালদহের কালিয়াচক সীমান্ত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। দক্ষিণ ২৪ পরগনায় দীর্ঘদিন ধরেই মুঙ্গের থেকে আসা দেশীয় অস্ত্রের কারবার চলছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুজোর আগে এই অস্ত্র কোনও বড় অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, পুজোর মরশুমে দক্ষিণ ২৪ পরগনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যেই এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এলাকায় আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃত দু’জনকে আজ, মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে।