পর্বতারোহণের প্রস্তুতি চলাকালীন নেপালের হিমালয়ে বড়সড় বিপর্যয়। মানাং জেলার ৭১২৬ মিটার উঁচু হিমলাং হিমাল পর্বতের বেস ক্যাম্পের কাছে আচমকা নেমে আসে বিধ্বংসী তুষারধস। রবিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছে। এখনও প্রায় এক ডজন আরোহী নিখোঁজ রয়েছেন।
জানা গিয়েছে, বিদেশি অভিযাত্রীদের দল পৌঁছনোর আগে রুট তৈরি, দড়ি বাঁধা ও ক্যাম্প তৈরির জন্য নেপালি পর্বতারোহী ও শেরপাদের একটি দলকে আগেভাগে পাঠানো হয়েছিল। সেই দলই তুষারধসের কবলে পড়ে। ‘হিমালয় হলিডেজ ট্রেকিং’ সংস্থার অন্তত আটজন সদস্য নিখোঁজ রয়েছেন বলে খবর। তবে খারাপ আবহাওয়ার জন্য নিখোঁজের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।
গত কয়েকদিন ধরেই হিমলাং হিমাল সংলগ্ন এলাকায় ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া ছিল। ধসের পর ঘন তুষারের চাদর ও কম দৃশ্যমানতার জেরে হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডু থেকে অভিজ্ঞ পর্বতারোহীদের একটি বিশেষ দলকে বিমানে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোমবার থেকে পুরোদমে উদ্ধারকাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে গোটা নেপাল জুড়েই পর্বত অভিযান এখন বিপজ্জনক হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে দেশের পর্বতারোহণ ও পর্যটন শিল্পে। কিছুদিন আগেই তুষারধসের আশঙ্কায় বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু থেকে পর্বতারোহীদের ফিরিয়ে আনা হয়েছিল।