ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে রাজি ইরান। কিন্তু বাদ সাধছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করার জন্য ইরান ‘অতিরিক্ত’ ছাড় দাবি করেছে, আর সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হননি।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের আলোচকরা শুধু আলোচনা পুনরায় শুরু করার জন্য শুরুতেই অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানাচ্ছিলেন তাঁরা, কিন্তু ট্রাম্প তেহরানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি একটি ধূর্ত প্রচেষ্টা, ইরান জানত এই প্রস্তাবগুলি অগ্রহণযোগ্য। শুধু আলোচনার জন্য অবরোধ, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শত শত কোটি ডলারের সম্পদে প্রবেশাধিকার চায় তেহরান।’
অন্য দিকে রাষ্ট্রসঙ্ঘে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুদ্ধবিরতি পরিকল্পনায়, বাজেয়াপ্ত করা ইরানি সম্পদ ফেরত দিতে হবে। সেই সঙ্গে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো নৌ অবরোধের অবসানের দাবিও করেছেন তিনি।