ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোর চতুর্থীতে মর্মান্তিক দুর্ঘটনা সন্দেশখালিতে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই টোটোযাত্রী। ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ন্যাজাটের চরবেড়িয়া বয়ারমারী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না সুকুমার মাহাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই এলাকায় দুটি টোটোর মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ধাক্কায় টোটোটি ছিটকে যায়। এরপর গাড়িটি রাস্তা থেকে সোজা গিয়ে পড়ে একটি পুকুরে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি পুকুরে পড়তেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
এদিকে দুর্ঘটনার খবর পৌঁছয় প্রাক্তন বিধায়কের কাছেও। এ বিষয়ে সুকুমার মাহাত বলেন, দুটি টোটোর মধ্যে রেষারেষি চলছিল বলে তিনি শুনেছেন। গাড়িটির গতি কত ছিল, তা তাঁর জানা নেই বলেও জানান তিনি। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু এবং আরও দু’জনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানান প্রাক্তন বিধায়ক। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সুকুমার মাহাত। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।