ওঙ্কার ডেস্ক: কোটি কোটি ভারতীয়র কাছে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। শুধু কিউআর কোড স্ক্যান করে কোনও ঝঞ্ঝট ছাড়া, পেমেন্ট করা যায় এই ব্যবস্থায়। কিন্তু ১৫ অক্টোবর থেকে বেশি অঙ্কের কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন একটি খরচের বিষয় যুক্ত হতে চলেছে।
সূত্রের খবর, মোদী সরকার চায় না এই খরচের বোঝা গ্রাহকদের ওপর পড়ুক। তাই কেন্দ্র পেমেন্ট এগ্রিগেটরদের সঙ্গে কাজ করছে যাতে ব্যবসায়ীরা লেনদেনের এই চার্জ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR গ্রাহকদের ওপর চাপিয়ে না দেয়। ব্যাংকগুলোকেও বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকে প্রতিদিন এই নিয়ম মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি।
১৫ অক্টোবর থেকে ইউপিআই ফিতে কী কী পরিবর্তন হচ্ছে?
নতুন কাঠামো অনুযায়ী, ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু ‘পার্সন-টু-মার্চেন্ট’ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ এমডিআর প্রযোজ্য হবে। এই চার্জ ব্যবসায়ীকে দিতে হবে, গ্রাহককে নয়। ৭৫,০০০ টাকা বা তার বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। দুই ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে।
দৈনন্দিন জীবনের বেশিরভাগ ইউপিআই পেমেন্টও এই নতুন চার্জের আওতার বাইরে থাকবে। ২,০০০ টাকা পর্যন্ত ‘পার্সন-টু-মার্চেন্ট’ লেনদেন মোট ‘পার্সন-টু-মার্চেন্ট’ লেনদেনের সংখ্যার ৯৫ শতাংশেরও বেশি। এগুলোর ক্ষেত্রে কোনও এমডিআর লাগবে না।এর অর্থ হলো, কেউ যদি দোকান থেকে ইউপিআই-এর মাধ্যমে ১,৫০০ টাকার কোনো পণ্য কেনেন, তবে তাকে হঠাৎ কোনও নতুন ইউপিআই ফি দিতে হবে না। বড় পরিবর্তনটি মূলত বেশি অঙ্কের বাণিজ্যিক পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কেন্দ্র সরকার চায় ব্যবসায়ীরাই ইউপিআই এর ফি-র বোঝা বহন করুক।