ওঙ্কার ডেস্ক: ইউপিআই লেনদেনে অতিরিক্ত ফি এখনও কার্যকর হয়নি। অথচ তার আগেই অনলাইন পেমেন্ট নিয়ে আপত্তি জানাতে শুরু করেছেন ব্যবসায়ীদের একাংশ। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে নানা ধরনের নোটিস। কোথাও বলা হচ্ছে, অনলাইনে টাকা দিলে ক্রেতাকে বাড়তি অর্থ দিতে হবে। আবার কোথাও সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে, ডিজিটাল পেমেন্ট নেওয়া হবে না। সেক্ষেত্রে ক্রেতাকে নগদেই বিল মেটাতে হবে। এমনকি কিছু পেট্রল পাম্পেও একই পথে হাঁটছে।
উল্লেখ্য, ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এমডিআর কার্যকর হওয়ার কথা। কিন্তু যেসব ব্যবসায় সাধারণত এত বড় অঙ্কের লেনদেন হয় না, সেখানেও অনলাইন পেমেন্ট নিয়ে আপত্তি দেখা যাচ্ছে।
গাজিয়াবাদের স্বর্ণ ব্যবসায়ী অক্ষয় কুমার গুপ্তার বক্তব্য, তাঁর দোকানে সাধারণত ২ হাজার টাকার নিচে লেনদেন হয় না। তাই ক্রেতাদের নগদে টাকা মেটানোর পরামর্শ দিচ্ছেন তিনি। তাঁর যুক্তি, অনলাইনে টাকা নিলে অতিরিক্ত ফি দিতে হবে। সেই খরচ ব্যবসায়ীরা কেন বহন করবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
গাজিয়াবাদের এক বিউটি পার্লারের মালকিন শেহনাজের বক্তব্যও একই। তাঁর মতে, ব্যবসায় এমনিতেই নানা সমস্যা রয়েছে। লাভও কম। এই পরিস্থিতিতে অতিরিক্ত ফি দেওয়ার প্রয়োজন কেন হবে। অনলাইনে পেমেন্ট করবেন কি না, সেই সিদ্ধান্ত ক্রেতাদেরই নিতে হবে। মধ্যপ্রদেশের কয়েকটি পেট্রল পাম্পেও একই ধরনের নোটিস দেখা গিয়েছে।