ওঙ্কার ডেস্ক: কয়েক শ বছর ধরে ভারত পরিবেশ নিয়ে সচেতন রয়েছে, আর সে কারণেই আজকের পৃথিবীতে পরিবেশগত সমস্যাগুলির সমাধান বাতলে দিতে পারছে আমাদের দেশ। এক আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ থেকে এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর আরও সংযোজন, পরিবেশকে বাঁচাতে গেলে গোটা বিশ্বকেই একযোগে পদক্ষেপ করতে হবে।
শনিবার ‘দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্সে’র আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সকলেই জানি, উন্নয়নশীল দেশগুলির উপর অতিরিক্ত কার্বন নিঃসরণের দায় চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত গোটা বিশ্বে গড়ে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, ভারতে তার হার অনেক কম। গত ১২ বছর ধরে পরিবেশগত ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে ভারত। পরিবেশরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা অনেক কাজ করেছি।’
ভারতের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, জি-২০ দেশগুলির মধ্যে একমাত্র ভারতই প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে এই চুক্তির সমস্ত শর্ত পূরণ করেছে ভারত। উল্লেখ্য, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয় চিনে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ধনী এবং উন্নত দেশগুলি থেকেও কার্বন নিঃসরণের হার অনেক বেশি। বেজিং ও ওয়াশিংটন থেকে যথাক্রমে ৩৩.৯৮ এবং ১২ শতাংশ কার্বন নিঃসরণ হয়। কিন্তু বিপুল জনসংখ্যার দেশ হয়েও ভারতে মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণ অনেকটা কম।