ওঙ্কার ডেস্ক: হলিউড চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং অভিনেতা টম হল্যান্ড ও ম্যাট ডেমন চা খেয়েছিলেন, শতবর্ষ প্রাচীন সেই রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হল অস্বাস্থ্যকর পরিবেশের কারণে। কারণ যেখানে খাদ্য মজুত করা হয়, সেখানে প্রস্রাবের উগ্র গন্ধ আর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আরশোলার দল। এই দৃশ্য ও গন্ধ প্রকাশ্যে আসার পর মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বৃহস্পতিবার কোলাবার ১০৮ বছরের ‘অলিম্পিয়া কফি হাউস’-এর লাইসেন্স স্থগিত করেছে।
রিপোর্ট অনুসারে, ক্যাফের জঘন্য পরিবেশ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন এক গ্রাহক। সে অভিযোগের প্রেক্ষিতে অলিম্পিয়া কফি হাউসের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সময়ে খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে মুম্বই সেন্ট্রালের নায়ার হাসপাতালের ক্যান্টিনের লাইসেন্সও স্থগিত করা হয়েছে। হাসপাতালটি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত। এটি শহরের অন্যতম বৃহত্তম সরকারি হাসপাতাল।
মহারাষ্ট্র জুড়ে মোট ২৭টি খাদ্য প্রতিষ্ঠানে পরিদর্শন করেন আধিকারিকরা। এর পর ১৪টির লাইসেন্স স্থগিত করা হয়েছে। তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চেম্বুরের একটি ‘ব্লিংকিট’ স্টোর; ঘাটকোপারের ‘বিশ্বাস সুইটস অ্যান্ড স্ন্যাকস’ ও ‘এ-১ জেনারেল অ্যান্ড ড্রাই ফ্রুটস’; এবং ওরলির ‘মিলান পাঞ্জাব’।
উল্লেখ্য এফডিএ -এর প্রধান কর্তা তুকারাম মুন্ধের নেতৃত্বে সংস্থার কাজ বর্তমানে জোরদার করা হয়েছে। অলিম্পিয়া কফি হাউসে পরিদর্শনের সময় সংস্থাটি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বেশ কিছু গুরুতর বিষয় নথিভুক্ত করেছে। খাদ্য মজুত করার জায়গায় প্রস্রাবখানা ছাড়াও, পরিদর্শকরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসনপত্র ধোয়ার ব্যবস্থা, সরাসরি মেঝেতে খাবার রাখা এবং অপরিচ্ছন্ন জল ব্যবহারের প্রমাণ পেয়েছেন। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, কাঁচা নিরামিষ ও আমিষ খাবার সঠিকভাবে আলাদা করে রাখা হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্ত কাঠের চপিং বোর্ড ব্যবহার করেছে ক্যাফেটি।