ওঙ্কার ডেস্ক: ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা কমাতে নয়াদিল্লির ওপর ওয়াশিংটন ধারাবাহিক ভাবে চাপ দিচ্ছে। এই আবহে ট্রাম্প প্রশাসন একটি নতুন মার্কিন-নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় ভারতকে ভেনেজুয়েলার তেল বিক্রি করতে ইচ্ছুক বলে সূত্র মারফত জানা গিয়েছে। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে গিয়েছেন। চলতি সপ্তাহে কারাকাস এবং ওয়াশিংটনের মধ্যে ২ বিলিয়ন ডলার মূল্যের, অর্থাৎ প্রায় ৩০-৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানির জন্য একটি চুক্তি হয়। তার পরেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়।
সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ভেনেজুয়েলার তেল কেনার অনুমতি দিতে প্রস্তুত এবং ইচ্ছুক। কারণ ওয়াশিংটন ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিশ্বব্যাপী বাজারজাত করার উদ্দেশে পদক্ষেপ নিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য সঙ্কুচিত হওয়ার আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা ছিল ভারত। তবে নয়াদিল্লির সঙ্গে ভেনেজুয়েলার তেল-বাণিজ্য সংক্রান্ত শর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে, ওই মার্কিন কর্তা মার্কিন এনার্জি সচিব ক্রিস্টোফার রাইটের মন্তব্যের কথা উল্লেখ করেন। রাইট বলেছিলেন, ওয়াশিংটন ‘প্রায় সমস্ত দেশের’ কাছে ভেনেজুয়েলার তেল বিক্রি করতে আগ্রহী।
উল্লেখ্য, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইট বলেছিলেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ফের সরবরাহ করার অনুমতি দেওয়া হবে। তবে তা শুধুমাত্র মার্কিন সরকার কর্তৃক পরিকল্পিত ও তত্ত্বাবধানে থাকা একটি কাঠামোর মাধ্যমেই হবে।
