ওঙ্কার ডেস্ক: টেলিগ্রাম ও সিগন্যালের মতো সমাজ মাধ্যম ব্যবহার করে চরমপন্থী ভাবধারা প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরাখণ্ডের এসটিএফ। তার সঙ্গে সীমান্তের ওপারে থাকা হ্যান্ডলারদের যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম মহম্মদ সালাউদ্দিন; তিনি উধম সিং নগর জেলার মাজরা সিলার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরাখণ্ড স্পেশাল টাস্ক ফোর্স তাকে পাকড়াও করতে সক্ষম হয়।
সংবাদ মাধ্যমকে এক আধিকারিক জানান, ‘অভিযুক্ত ব্যক্তি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে চরমপন্থী জিহাদিমূলক বিষয়বস্তুর মাধ্যমে তরুণদের প্রভাবিত করত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের প্রচার চালাত।’ তদন্ত চলাকালীন গোয়েন্দারা অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী মতাদর্শ সম্পর্কিত একাধিক চ্যাট ও গ্রুপের হদিশ পেয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছ, অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে তরুণদের উগ্রপন্থী করে তোলা ও বিপথে চালিত করার চেষ্টা করত অভিযুক্ত।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। সেই অভিযানে এসটিএফ একটি পিস্তল, পাঁচটি কার্তুজ, চারটি ডেটোনেটর এবং দুটি একে-৪৭ কার্তুজ উদ্ধার করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো পাঠানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা জানতে আরও বিশদে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ও ৬১(২) ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬(সি) ও ৬৬(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।