ওঙ্কার ডেস্ক: চলতি জানুয়ারি মাসেই হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হওয়ার কথা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুতগতির এই ট্রেনটি কখন ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে সেই বিষয়ে তথ্য জানাল ভারতীয় রেল।
রেল সূত্রের খবর, সপ্তাহে ছ’দিন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলবে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ। সেটি কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। এর পর কামাখ্যা থেকে এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। কামাখ্যা থেকে ছাড়া ওই ট্রেনটি পরের দিন সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ হাওড়া পৌঁছবে। ১৪ ঘণ্টার যাত্রায় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, বর্তমানে হাওড়া থেকে কামাখ্যাগামী যে দূরপাল্লার ট্রেনগুলি রয়েছে সেগুলিতে সময় অপেক্ষাকৃত বেশি লাগে। প্রায় ১৭ থেকে ২০ ঘণ্টা সময় নেয় ট্রেনগুলি। যাত্রীদের অনুমান, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হয়ে গেলে তিন থেকে ছ’ঘণ্টা সময় বাঁচবে।
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে কামাখ্যা যাত্রা পথে মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে এক্সপ্রেস ট্রেনটি। হাওড়া থেকে ছাড়ার পর সেটি প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে। এর পরে যথাক্রমে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি। তার পরে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা। একই রুটে ট্রেনটি কামাখ্যা থেকে হাওড়া আসবে। রেলের এক আধিকারিক জানান, কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার চলবে না। পাশাপাশি বৃহস্পতিবার চলবে না হাওড়া থেকে কামাখ্যাগামী এই এক্সপ্রেস।
