নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার সন্ধ্যায় বুকে সংক্রমণ নিয়ে তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
৯৮ বছর বয়সি এই নেতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের পালমোনোলজি বিভাগে ভর্তি করা হয়। বয়সজনিত জটিলতার কথা মাথায় রেখে চিকিৎসায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই আডবাণীর শরীর ভালো যাচ্ছে না। শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন সম্মান তুলে দিয়েছিলেন। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন তিনি। এর আগে মে মাসে একই হাসপাতালে বার্ধক্যজনিত সমস্যার কারণে কয়েক দিন চিকিৎসাধীন ছিলেন।
১৯২৭ সালে তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন ‘লৌহমানব’ আডবাণী। আরএসএসের হাত ধরে রাজনীতিতে তাঁর পথ চলা শুরু। ১৯৮০ সালে বিজেপি গঠনের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই রথযাত্রার মাধ্যমে অযোধ্যায় রামমন্দির আন্দোলন গতি পায় এবং গত শতকের আটের দশকে তিনি ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।