গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল পানীয় জল বোঝাই ট্রাক। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত কামালপুর এলাকার নেতড়া-হটুগঞ্জ রোডে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
সূত্রের খবর, আজ ভোরের দিকে পানীয় জল ভর্তি ওই ট্রাকটি কামালপুর রোড ধরে গন্তব্যে যাচ্ছিল। কিন্তু আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। এরপর পাক খেয়ে সোজা গিয়ে পড়ে পাশের পুকুরে। ঘটনার বিকট আওয়াজ শুনে জড়ো হন স্থানীয় মানুষ। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
তবে দুর্ঘটনার পর থেকে চালকের আর খোঁজ পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন কিনা তাও নিশ্চিত না। অথবা দূর্ঘটনাগ্ৰস্থ গাড়িতে তিনি আটকে আছেন তা জানতে পুকুরে নেমেও তল্লাশি করে পুলিশ। শেষ পর্যন্ত তাঁর খোঁজ মিলেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এমতাবস্থায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চালক নেশাগ্রস্থ ছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে।