অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে যাচ্ছে জল। নিকাশি নালা না থাকায় দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকছে একাধিক এলাকা। এমনই অভিযোগ তুলে ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলচক, নয়াবস্তি, পালপাড়া-সহ একাধিক এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। পাশাপাশি বিভিন্ন জায়গায় জমে রয়েছে ময়লা-আবর্জনাও। ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে জমা জলে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। ফলে সব মিলিয়ে বেহাল পরিস্থিতির মধ্যে রয়েছেন স্থানীয় মানুষজন।
এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি, নিকাশি নালার সমস্যার কথা জানিয়ে একাধিকবার ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। অন্যদিকে, অসুস্থতার কারণে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীর্ঘদিন ধরে বাড়িতে অনুপস্থিত রয়েছেন বলেও স্থানীয়দের দাবি। ফলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার দেখভালের জন্য কার্যত কেউ নেই বলেই অভিযোগ বাসিন্দাদের। এমতাবস্থায় এলাকার পরিবেশ দ্রুত পরিষ্কার ও নিকাশি ব্যবস্থা সচল করা হোক বলে দাবি স্থানীয়দের।